গত ৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে দেশের বিভিন্ন স্থানে ৭৮টি ককটেল বিস্ফোরণ ও ৭৪টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময়ে পুলিশের স্থাপনা ও যানবাহনেও হামলা চালানো হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ৩৮টি মামলা হয়েছে এবং ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়।
পুলিশের স্থাপনা ও যানবাহনেও হামলা
পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ১২ দিনে দেশের বিভিন্ন স্থানে পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া পুলিশের ১৮টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। দুটি স্থাপনায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশের একটি গাড়িও।
একই সময়ে দেশের বিভিন্ন স্থানে ৭৮টি ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
৩৮ মামলায় গ্রেপ্তার ৬৩ জন
এসব নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ৩৮টি মামলা দায়ের হয়েছে। মামলাগুলোতে জড়িত থাকার অভিযোগে ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সংঘটিত সব ঘটনার বিপরীতে মোট কতটি মামলা হয়েছে, সে বিষয়ে পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্যে আলাদা কোনো হিসাব উল্লেখ করা হয়নি।
নাশকতা ঠেকাতে পুলিশের সতর্ক অবস্থান
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, পুলিশের নজরদারি ও টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন এবং দ্রুত সাড়া দেওয়াসহ বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে।
নিষিদ্ধ সংগঠন এবং কার্যক্রম নিষিদ্ধ দলগুলো যেন কোনো ধরনের নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাতে না পারে, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করবে বলে জানান তিনি।
কামারুম মুনিরা আরও বলেন, কাউকে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর সুযোগ দেওয়া হবে না। কেউ নাশকতা সৃষ্টির অপচেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।
আরও পড়ুন:







