বৃহস্পতিবার

১৯ নভেম্বর, ২০২৬ ৫ অগ্রহায়ণ, ১৪৩৩

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ১৩:৩০

শেয়ার

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড ও ৫০ কোটি টাকা জরিমানার আদেশ দিয়েছেন চট্টগ্রামের আদালত।

বৃহস্পতিবার বিভাগীয় স্পেশাল জজ আদালত এ রায় ঘোষণা করেন।

রায়ে মামলাটির ৩৬ আসামির মধ্যে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদের মধ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্ত্রী ও ব্যাংকটির সাবেক চেয়ারম্যান রুখমিলা জামান, ব্যাংকটির সাবেক পরিচালক এবং সাবেক কর্মকর্তারা রয়েছেন।

বাকি ১৯ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ না থাকায় তাদের খালাস দিয়েছেন আদালত।

দুদকের করা মামলাটির যুক্তিতর্ক শেষে আজ রায়ের দিন ধার্য করা হয়েছিল। মামলায় ৫৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

মামলার অভিযোগপত্র অনুযায়ী, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান আরামিট গ্রুপের প্রটোকল অফিসার মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব প্রতিষ্ঠান ভিশন ট্রেডিংয়ের মালিক দেখিয়ে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন নেওয়া হয়। পরে ওই অর্থ জাবেদ তার কর্মচারীদের মাধ্যমে উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেন এবং বিদেশে সম্পদ কেনার কাজে ব্যবহার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

তদন্তে উঠে আসে, ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এ ঘটনা ঘটে।