গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার মোহাম্মদ সিফাত আবদুল্লাহ।
বুধবার রাত ৮টার সময় তিনি কারাগার থেকে মুক্তি পান।
বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের জেলার (মিডিয়া সেল) মো. মাসুদ হাসান জুয়েল।
তিনি বলেন, আজ বিকেলে জামিনের কাগজপত্র কাশিমপুর কারাগারে এসে পৌঁছায়। পরে যাচাইবাছাই শেষে আর কোনো মামলা না থাকায় তাকে মুক্তি দেয়া হয়।
উল্লেখ্য, এর আগে গত ৩ সেপ্টেম্বর মহানগরীর গাছা এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার হন সিফাত আবদুল্লাহ। পরের দিন সন্ত্রাসবিরোধী একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরপর দুই দফায় নিম্ন আদালতে তার জামিন নাকচ করা হয়। ৭ সেপ্টেম্বর গাজীপুর মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক মো. রাকিবুল ইসলাম তার জামিন নামঞ্জুর করেন। পরে ২২ সেপ্টেম্বর গাজীপুর মহানগর দায়রা জজ আদালতে দ্বিতীয় দফায় তার জামিন আবেদন খারিজ হয়।
দ্বিতীয় দফায় তার জামিন নামঞ্জুরের পর সিফাতের আইনজীবীরা হাইকোর্টের দ্বারস্থ হন। শুনানি শেষে উচ্চ আদালত তার জামিন মঞ্জুর করেন।
আরও পড়ুন:







