আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে ২০২৪ সালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের তৎকালীন খতিব মাওলানা মুফতি রুহুল আমিন পালিয়ে যান। দীর্ঘদিন পালিয়ে থাকার পর তাকে আটক করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে আটক করে একটি গোয়েন্দা সংস্থা।
জানা গেছে, মুফতি রুহুল আমিনের স্থায়ী বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। তিনি ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক গভর্নর।
২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়ে আলোচনায় আসেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান মুফতি রুহুল আমিন। ওই বছরের ২০ সেপ্টেম্বর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুসারীদের নিয়ে উপস্থিত হলে খুতবা চলাকালে মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন এবং মসজিদের জানালা-দরজার ক্ষতি হয়।
ওই ঘটনার দুই দিন পর ২২ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব থেকে অপসারণ করা হয়।
আরও পড়ুন:







