স্বৈরাচারের দোসরখ্যাত অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা এবং মার্কিন প্রতিষ্ঠান এক্সেলারেট এনার্জি বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার কমডোর (অব.) মো. হাবিবুর রহমান ভূঁইয়ার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, প্রতারণা ও কোটি কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলী নামের এক প্রবাসী ব্যবসায়ী।
অভিযোগ রয়েছে, এই হাবিবুর আওয়ামী লীগের সময় শেখ হাসিনার ঘনিষ্ঠ লোক বলে নিজেকে পরিচয় দিতেন বিভিন্ন মন্ত্রণালয়ে। গত ২৩ আগস্ট দুদকের প্রধান কার্যালয়ে দায়ের করা ওই অভিযোগপত্রে শেখ মোহাম্মদ আলী উল্লেখ করেন, ঢাকার মিরপুর ডিওএইচএস-এ যৌথ সমঝোতায় ভবন নির্মাণের কথা বলে তার কাছ থেকে কোটি টাকার বেশি বিনিয়োগ নিয়েও ৫০ শতাংশ মালিকানা বুঝিয়ে দিচ্ছেন না হাবিবুর রহমান। উল্টো তাকে ভবন থেকে উচ্ছেদ ও নানাভাবে হয়রানি করা হচ্ছে।
যেভাবে প্রতারণার সূত্রপাত
অভিযোগ সূত্রে জানা যায়, ২০০০ সাল থেকে ফ্রান্সের প্যারিসে অবস্থানকালে কমডোর হাবিবুর রহমানের সঙ্গে মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলীর ঘনিষ্ঠ ও পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে। সেই আস্থার জায়গা থেকে ২০০৬ সালে হাবিবুর রহমানের বড় মেয়ের যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে ২ লাখ ইউএস ডলারের (বর্তমান বাজারদরে প্রায় আড়াই কোটি টাকা) ব্যাংক গ্যারান্টির ব্যবস্থা করে দেন অভিযোগকারী।
পরবর্তীতে হাবিবুর রহমান ও তার স্ত্রী ফারজানা শাহীন জানান, মিরপুর ডিওএইচএস-এর এভিনিউ-৪, রোড-০৪, বাসা-৩১৬ নম্বরে তাদের প্রায় চার কাঠার একটি প্লট রয়েছে, কিন্তু ভবন নির্মাণের মতো অর্থ তাদের নেই। তখন তারা প্রস্তাব দেয়, শেখ মোহাম্মদ আলী সম্পূর্ণ অর্থ বিনিয়োগ করলে ভবন নির্মাণের পর ৫০ শতাংশ অনুপাতে নিবন্ধনসহ (রেজিস্ট্রেশন) মালিকানা বুঝিয়ে দেওয়া হবে।
পারিবারিক বিশ্বাসের ওপর ভিত্তি করে শেখ মোহাম্মদ আলী ভবন নির্মাণে ধাপে ধাপে আনুমানিক ১ কোটি ৪৬ লাখ টাকা (২ লাখ ইউএস ডলার) বিনিয়োগ করেন। এছাড়াও, পরবর্তীতে হাবিবুর রহমানের স্ত্রী ফারজানা শাহীনকে আরও প্রায় ৮ লাখ টাকা প্রদান করেন তিনি। ১১ মাসের মধ্যে ভবনটির নির্মাণকাজ সম্পন্ন হয় এবং ২০১৩ সালের এপ্রিল মাস থেকে অভিযোগকারী ভবনটির ৫ তলার একটি ফ্ল্যাটে পরিবারসহ বসবাস শুরু করেন।
ভাড়ার অর্থ আত্মসাৎ ও মালিকানা নিয়ে টালবাহানা
অভিযোগে বলা হয়, ভবন নির্মাণের পর হাবিবুর রহমান এনডিসি কর্তৃপক্ষের কাছে বাড়িটি ভাড়া দেন। প্রথম মাসের একটি ফ্ল্যাটের ভাড়া অভিযোগকারীকে দেওয়া হলেও পরবর্তী প্রায় সাড়ে তিন বছরের ভাড়ার প্রাপ্য ৫০ শতাংশ অর্থ তাকে দেওয়া হয়নি। হিসাব চাইলে ভবনের জরিমানা বা অতিরিক্ত নির্মাণ ব্যয়ের অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়া হয়।
বর্তমানে ওই এলাকার ব্যাপক উন্নয়নের ফলে সম্পত্তিটির বাজারমূল্য নির্মাণকালীন সময়ের চেয়ে অন্তত চার গুণ বৃদ্ধি পেয়েছে।
অভিযোগকারীর আশঙ্কা, এই বাড়তি মূল্যের লোভেই হাবিবুর রহমান তাকে পূর্বনির্ধারিত ৫০ শতাংশ অংশীদারিত্ব থেকে বঞ্চিত করার জন্য বছরের পর বছর সময়ক্ষেপণ করছেন এবং ফোনকল ও বার্তা এড়িয়ে চলছেন।
হয়রানি ও অতিরিক্ত বিল চাপিয়ে দেওয়ার অভিযোগ
অভিযোগকারী আরও জানান, সম্প্রতি ভবনের ওপরের তলায় তার যাতায়াত সীমিত করা হয়েছে। বাড়ির মূল ফটক ও লিফট ব্যবহারে বাধা দেওয়ার পাশাপাশি ছাদে কেচিগেট লাগিয়ে তালা ঝুলিয়ে রাখা হয়েছে। এমনকি পার্কিংয়ে তার গাড়ি রাখতে বাধা দিয়ে হাবিবুর রহমান নিজের একাধিক গাড়ি সেখানে রাখছেন।
এছাড়া কোনো মূল বিল বা প্রমাণপত্র ছাড়াই তার ওপর অযৌক্তিক সার্ভিস চার্জ ও ভবনের পরবর্তী সংস্কার কাজের বিদ্যুৎ-পানির বিল চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
রাজনৈতিক প্রভাব ও পূর্বের দুর্নীতির অভিযোগ
লিখিত অভিযোগে কমডোর (অব.) হাবিবুর রহমানের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও আনা হয়েছে।
অভিযোগে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের খালাতো বোন পরিচয়ে ফারজানা শাহীনের স্বামী হওয়ার সুবাদে এবং তৎকালীন সরকারের ঘনিষ্ঠজন হিসেবে তিনি গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নেন।
মোংলা বন্দর ও শিপিং করপোরেশন
২০১২ সালের নভেম্বর থেকে ২০১৪ সালের অক্টোবর মাস পর্যন্ত মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং ২০১৪ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের মার্চ পর্যন্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে নাব্যতা, অবকাঠামো উন্নয়ন ও বন্দর পরিচালনার কাজে কমিশন বাণিজ্য ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেন বলেও অভিযোগ রয়েছে।
এক্সেলারেট এনার্জি
২০১৮ সালে মার্কিন প্রতিষ্ঠান এক্সেলারেট এনার্জির মহেশখালী ফ্লোটিং এলএনজি টার্মিনালে যোগদানের পর তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলেও সাবেক মেয়র আতিকুল ইসলামের তদবিরে ২০২১ সালের ১১ জানুয়ারি তিনি প্রতিষ্ঠানটির কান্ট্রি ম্যানেজার পদ পান বলে জানা গেছে।
জুলাই আন্দোলনে ভূমিকা
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই আন্দোলনে তিনি আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালান এবং আমলাদের গোপন বৈঠকে নিয়মিত অংশ নিতেন। প্রভাব খাটিয়ে এখনো তিনি নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন এবং অভিযোগকারীকে হুমকি-ধামকি দিচ্ছেন, এমন অভিযোগ উঠেছে।
অভিযোগকারীর দাবি
বর্তমানে শারীরিকভাবে অসুস্থ, মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলী তার জীবন ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে দুদকের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
তার প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে— ভবন নির্মাণে প্রদত্ত ১ কোটি ৫৪ লাখ টাকা ও বকেয়া ভাড়ার ৫০ শতাংশের পূর্ণাঙ্গ হিসাব আদায়, অযৌক্তিক সার্ভিস চার্জ ফেরত, ভবনের গ্রাউন্ড ফ্লোর থেকে ষষ্ঠ তলা পর্যন্ত ৫০ শতাংশ অংশীদারিত্ব আইনানুগভাবে রেজিস্ট্রি করে দেওয়া এবং বেআইনি উচ্ছেদ ও হয়রানি থেকে নিরাপত্তা নিশ্চিত করা।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ভুক্তভোগী শেখ মোহাম্মদ আলী বলেন, ‘আমার সকল টাকা পয়সা নিয়ে বাড়ি করে হাবিবুর ও তার স্ত্রী ফারজানা এখন কোনো পাত্তা দিচ্ছে না। আমি একটি ফ্ল্যাটে থাকি তাও রেজিস্ট্রি করে দিচ্ছে না। হাবিবুরের চাকরি জীবনের অনিয়ম, দুর্নীতি ও প্রভাবের বিষয়েও দুদকের আবেদনে উল্লেখ করেছি।’
অন্যদিকে, এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অবসরপ্রাপ্ত কমডোর মো. হাবিবুর রহমান ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে, ব্যস্ততার অজুহাতে কোনো বক্তব্য দেননি তিনি।
আরও পড়ুন:







