ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে গ্রেপ্তারের দাবি উঠেছে জাতীয় সংসদে। সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলামের ওপর হামলা ও মারধরের অভিযোগে এ দাবি তোলা হয়।
মঙ্গলবার সংসদের পয়েন্ট অব অর্ডারে জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান এই দাবি জানান। পাশাপাশি এ ঘটনায় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি করেন তিনি।
নাজিবুর রহমান বলেন, সুপ্রিম কোর্টের একজন সম্মানিত আইনজীবী রাহেদুল ইসলামের ওপর ন্যক্কারজনক হামলা হয়েছে। যুবদল নেতা নয়ন এবং তার সহযোগীরা সেই সম্মানিত আইনজীবীকে গাড়ি থেকে জোর করে টেনে বের করেন। তিনি বারবার বলেছেন, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য, তিনি বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সদস্য। তার পরও তাকে ধরে নিয়ে একটি ঘরে আটকে রাখা হয়েছে, মারধর করা হয়েছে। রড দিয়ে পিটিয়ে তার হাত ভেঙে দেয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নাজিবুর রহমান বলেন, এখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, আইনমন্ত্রী আছেন। এখানে আমাদের সুপ্রিম কোর্ট বারের অনেক সদস্য রয়েছেন। এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর একটা বিবৃতি আমি আজকে আশা করছিলাম, আইনমন্ত্রীর একটা বিবৃতি আশা করছিলাম।
তিনি আরও বলেন, আমরা মবের বিরুদ্ধে কথা বলি, তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। কিন্তু তার কিছুই হয়নি। এ জন্য বিষয়টি তুললাম। এই বিষয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীর ভূমিকা আশা করছি এবং বিবৃতি আশা করছি।
আরও পড়ুন:







