গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, এ বিষয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা চলছে। আশা করা হচ্ছে, খুব বেশি দেরি হবে না।
একই সঙ্গে অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তিনি। উপদেষ্টা বলেন, শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও অনেক অনিবন্ধিত অনলাইন পোর্টাল রয়েছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেয়া হবে। এভাবে চলতে পারে না।
তবে নিবন্ধনের জন্য আবেদন করা যেসব অনলাইন পোর্টালের পুলিশ ভেরিফিকেশন, বিশেষ শাখা (এসবি) ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যাচাই এখনো শেষ হয়নি, সেগুলোর বিষয়ে আশ্বাস দিয়ে তিনি বলেন, যারা যোগ্য, তারা খুব শিগগির নিবন্ধন পেয়ে যাবেন।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা।
গণমাধ্যমের নীতিমালা প্রণয়নের অগ্রগতি জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, সোমবার তথ্যমন্ত্রী সম্ভবত এটা নিয়ে কিছু কথা বলেছেন। পার্লামেন্টে কথা বলেছেন যে, নীতিমালা প্রণয়নের কাজ চলছে।
এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, আমরা বিভিন্ন রকম স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলছি, একটা নীতিমালা আসছে, এটা আপনারা নিশ্চিত থাকুন। গণমাধ্যমের ব্যাপারে এটা আসবে খুব দ্রুত, মানে আরেকটু সময় লাগবে।
নীতিমালা প্রণয়নে সরকারের দৃষ্টিভঙ্গির বিষয়টি ব্যাখ্যা করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, প্রত্যেকটা রাজনৈতিক সরকার তার নিজস্ব ফিলোসফিক্যাল পয়েন্ট অব ভিউ আছে, কোনটা সে কীভাবে দেখতে চায়। এটা থাকে এবং গণতান্ত্রিক সিস্টেমের মধ্যেই থাকে। তো আমাদের সমাজে দীর্ঘ আলাপ ছিল যে এটা এরকম হওয়া উচিত, কেউ আবার বলেছে এটা ওইরকম হওয়া উচিত। আমাদেরও নিজস্ব কিছু চিন্তা আছে, সো সেই চিন্তা নিরীখে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলাপ করছি, আশা করি এটা খুব বেশি দেরি হবে না।
অন্যদিকে অনিবন্ধিত অনলাইন পোর্টালের মাধ্যমে অপতথ্য, উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ ও কাউকে সামাজিকভাবে হেয় করার মতো সংবাদ প্রকাশের বিষয়ে সরকারের অবস্থান জানতে চান একজন সাংবাদিক।
উত্তরে জাহেদ উর রহমান বলেন, আমি আগেও বলেছি, অনিবন্ধিত যে গণমাধ্যম, বিশেষ করে এখন একটা অনলাইন পোর্টাল খুলে ফেলা এবং কী করা হয়? কপি করা হয় অন্যান্য বহু জায়গা থেকে মানে এটা এখন কোনো ঘটনাই না। জার্নালিজমের কোনো উচিত না, এবং আমরা অনিবন্ধিত কোনো প্রতিষ্ঠান আসলে কাজ করতে পারবে না, আমরা এইটুকু নিশ্চিত করছি, ধাপে ধাপে এই প্রক্রিয়ায় ঢুকবো, ঢুকছি। শুধু ঢাকায় না, ঢাকার বাইরেও প্রচুর এ রকম প্রতিষ্ঠান আছে, এগুলোর সবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেব, এভাবে চলতে পারে না।
এ সময় একজন সাংবাদিক জানান, অনিবন্ধিত অনেক অনলাইন পোর্টাল নিবন্ধনের জন্য আবেদন করেছে। কিন্তু বিভিন্ন পর্যায়ে পুলিশ ভেরিফিকেশন, এসবি ও এনএসআইয়ের যাচাই শেষ না হওয়ায় তাদের নিবন্ধন প্রক্রিয়া আটকে আছে।
উত্তরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ওকে। যেহেতু যারা অনিবন্ধিতদের মধ্যে যারা অ্যাপ্লাই করেছেন, তার কিছু প্রসিডিউরাল ডিলে হচ্ছে সম্ভবত, আমি আপনাদের জানাতে পারি, যারা যোগ্য, তারা খুব বেশি দেরি হবে না, আশা করি আপনার নিবন্ধন পেয়ে যাবেন।
আরও পড়ুন:







