ব্যাংক খাত থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের ঘটনায় বাংলাদেশ বিশ্বে শীর্ষে থাকতে পারে বলে মন্তব্য করেছেন পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে বাংলাদেশ ব্যাংক গঠিত টাস্কফোর্সের উপদেষ্টা ফরহানুল গনি চৌধুরী। তাঁর মতে, দেশের ব্যাংক খাত থেকে যেভাবে অর্থ পাচার হয়েছে, বিশ্বে এমন নজির বিরল।
সোমবার (১৬ নভেম্বর) মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান উপস্থিত ছিলেন।
অর্থ ফেরাতে লাগতে পারে ৫ থেকে ১০ বছর
সংবাদ সম্মেলনে ফরহানুল গনি চৌধুরী বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশকে দীর্ঘ আইনি লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হবে। এ প্রক্রিয়ায় পাঁচ থেকে ১০ বছর পর্যন্ত সময় লাগতে পারে। দেওয়ানি প্রক্রিয়ায় সম্পদ পুনরুদ্ধারে সময় লাগতে পারে তিন থেকে পাঁচ বছর।
তিনি বলেন, পাচার হওয়া অর্থ কোন দেশে, কার কাছে এবং কীভাবে স্থানান্তর করা হয়েছে, তা শনাক্ত করার পাশাপাশি সংশ্লিষ্ট দেশের আদালতে এসব সম্পদ অবৈধ প্রমাণ করতে হবে।
ব্যাংকগুলোর হারানো অর্থ উদ্ধারে তাদের সম্পৃক্ত রেখেই দেওয়ানি পথে এগোচ্ছে টাস্কফোর্স। প্রথম ধাপে বাছাই করা ছয়টি ঘটনার মধ্যে তিনটির কাজ অনেকটা এগিয়েছে। দ্বিতীয় ধাপে আরও প্রায় ৪০টি ঘটনা বাছাই করা হয়েছে বলে জানান তিনি।
ফরহানুল গনি চৌধুরী জানান, ২০২৪ সালের অক্টোবরে টাস্কফোর্স গঠনের পর প্রথমে ফৌজদারি প্রক্রিয়ায় কাজ শুরু হয়। পাশাপাশি গত বছর ব্যাংকগুলোকে যুক্ত করে দেওয়ানি প্রক্রিয়ায় সম্পদ উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়।
দেওয়ানি প্রক্রিয়ার প্রথম ধাপে বড় অঙ্কের খেলাপি ঋণের ঘটনাগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে অন্তত দুটি ঘটনায় ব্যাংকের দেওয়া ঋণ, জামানত ও ব্যক্তিগত গ্যারান্টির নথি বিদেশে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য যথেষ্ট মানসম্পন্ন বলে মত দিয়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো।
দ্বিতীয় ধাপে ঘটনা বাছাইয়ের ক্ষেত্রে খেলাপি ঋণের পরিমাণ অন্তত ২০০ কোটি টাকা কি না, অর্থ বিদেশে চলে যাওয়ার বিষয়ে ব্যাংকের কাছে তথ্য আছে কি না এবং সংশ্লিষ্ট মালিকও বিদেশে চলে গেছেন কি না, এসব বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে।
এ পর্যায়ে সংশ্লিষ্ট ব্যাংক ও বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে গোপনীয়তা চুক্তি হওয়ার পর ঋণের নথিপত্র দেওয়া হবে। নথি পর্যালোচনা করে বিদেশি প্রতিষ্ঠানগুলো আইনি পদক্ষেপ নেওয়ার যথেষ্ট ভিত্তি এবং মামলার জন্য অর্থায়ন পাওয়া সম্ভব কি না, তা যাচাই করবে।
মামলার খরচ বহন করবে তৃতীয় পক্ষ
বিদেশে সম্পদের সন্ধান, তা জব্দ এবং আদালতে আইনি লড়াই চালাতে কয়েক মিলিয়ন ডলার খরচ হতে পারে বলে জানান টাস্কফোর্সের উপদেষ্টা। এ ব্যয় মেটাতে তৃতীয় পক্ষের মাধ্যমে মামলার অর্থায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এই ব্যবস্থায় ব্যাংকগুলোকে শুরুতে কোনো অর্থ দিতে হবে না। সম্পদ উদ্ধার হলে উদ্ধার করা অর্থের একটি অংশ পাবেন মামলার অর্থায়নকারীরা।
শিকদার গ্রুপের সম্পদ উদ্ধারে এ ধরনের একটি চুক্তির অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ফরহানুল গনি চৌধুরী বলেন, সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে। এখন আইনি নথি তৈরির কাজ চলছে।
বিদেশে ১৯ হাজার কোটি টাকার সম্পদ জব্দের আদেশ কার্যকর হয়নি
সম্প্রতি জাতীয় সংসদে অর্থমন্ত্রী জানিয়েছেন, প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। এ বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ফরহানুল গনি চৌধুরী বলেন, এর মধ্যে প্রায় ৫৮ হাজার কোটি টাকার সম্পদ দেশের ভেতরে জব্দ করা হয়েছে। বিদেশে থাকা বাকি প্রায় ১৯ হাজার কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন বাংলাদেশের আদালত। তবে সংশ্লিষ্ট দেশগুলোতে এসব আদেশ এখনো কার্যকর হয়নি।
তিনি জানান, বাংলাদেশের পারস্পরিক আইনি সহায়তার অনুরোধের (এমএলএআর) ভিত্তিতে কয়েকটি ক্ষেত্রে বিদেশে কিছু সম্পদ সাময়িকভাবে জব্দ করা হয়েছে। তবে এসব সম্পদের পরিমাণ প্রকাশ করেননি তিনি। জব্দাদেশ বহাল রাখতে সংশ্লিষ্ট দেশগুলো বাংলাদেশের কাছে আরও তথ্য চেয়েছে।
উদাহরণ হিসেবে তিনি বলেন, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা প্রায় ২৫ কোটি পাউন্ডের সম্পদ জব্দের তথ্য ব্রিটিশ কর্তৃপক্ষ প্রকাশ করেছে। এসব সম্পদ নিয়ে আইনি প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ থেকে তথ্য পাঠাতে দেরি হওয়ায় সাময়িকভাবে জব্দ করা অর্থ অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যেই প্রক্রিয়া সম্পন্ন করেছিল। তবে ৩০ দিন পর ওই অর্থ সংশ্লিষ্ট দেশ থেকে অন্য দেশে সরিয়ে নেওয়া হয়। সেই অর্থের সন্ধানে এখনো কাজ চলছে। তবে অর্থের পরিমাণ ও সংশ্লিষ্ট দেশগুলোর নাম জানাননি তিনি।
ফরহানুল গনি চৌধুরী বলেন, আইনি সহায়তা চাওয়ার ক্ষেত্রে একেক দেশের চাহিদা একেক রকম। সে অনুযায়ী অনুরোধপত্র তৈরি করতে হয়। পাশাপাশি কূটনৈতিক চ্যানেলে অনুরোধ পাঠানোর ক্ষেত্রে দেশের ভেতরে যে সময় লাগে, তা কমানোর উপায়ও খোঁজা হচ্ছে।
তথ্য প্রকাশে সতর্ক টাস্কফোর্স
টাস্কফোর্সের কার্যক্রমের অগ্রগতি নিয়মিত প্রকাশ না করার বিষয়ে ফরহানুল গনি চৌধুরী বলেন, অর্থ পাচার একটি স্পর্শকাতর বিষয়। তদন্তের প্রতিটি তথ্য ও অগ্রগতি প্রকাশ করা হলে পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা আগেভাগেই সতর্ক হয়ে নতুন কৌশল নিতে পারেন। এতে অর্থ ফেরত আনার প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ কারণে প্রয়োজনীয় তথ্য গোপন রেখেই টাস্কফোর্সের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
আরও পড়ুন:







