দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে নির্বাচন হতে পারে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে পরিষদে ভোট হবে।
প্রথম ধাপের এই নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
সোমবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন তিনি।
তফসিল ঘোষণা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে-পরে তফসিল ঘোষণা করা হতে পারে। এ ক্ষেত্রে জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন।
ইসি সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সভায় আলোচনা হয়। পাশাপাশি স্মার্ট জাতীয় পরিচয়পত্রের উৎপাদন ও বিতরণ-সংক্রান্ত বিষয়ও আলোচনায় রয়েছে।
নির্বাচন কমিশন সূত্র আরও জানায়, ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ বৃহস্পতিবারের মধ্যে ঘোষণা করা হতে পারে।
আরও পড়ুন:







