রাজনীতির ময়দানে নিত্যনতুন নাটক নতুন কিছু নয়, তবে এবারের দৃশ্যপট যেন হলিউডের কোনো অ্যাকশন বা কমেডি সিনেমাকেও হার মানাচ্ছে। স্বৈরাচার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন রীতিমতো হাস্যরস আর ট্রলের মহোৎসব চলছে।
কখনো দেখা যাচ্ছে, পূর্ণিমার চাঁদের আলোয় কাঁটাতারের ওপার থেকে কোদাল হাতে মাটি খুঁড়ে সুড়ঙ্গ পথে দেশে ফেরার প্রাণপণ চেষ্টা চলছে। আবার কখনো ঘন জঙ্গলের ভেতর ওবায়দুল কাদেরকে সাথে নিয়ে মুখে কাপড় চেপে গোপনে অনুপ্রবেশের দৃশ্য।
এখানেই শেষ নয়, রাতের আঁধারে কাঁটাতার কেটে কিংবা হেলিকপ্টারে ঝুলে বাংলাদেশে প্রবেশের এমন সব কাল্পনিক ও এআই-নির্মিত ভিডিওতে এখন সয়লাব ফেসবুক, ইউটিউব আর টিকটক।
পালিয়ে যাওয়া ও ফেরার ঘোষণা
মূলত সোমবার (৫ আগস্ট) ২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে সামরিক বিমানে ভারত পালিয়ে যাওয়ার পর থেকে নয়াদিল্লির নিরাপদ আশ্রয়ে রয়েছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা।
ইতিমধ্যে তার কূটনৈতিক পাসপোর্ট ও এনআইডি বাতিল হয়েছে এবং জুলাই হত্যাকাণ্ডের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। এরই মধ্যে তিনি ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করে পাসপোর্ট-এনআইডি সচলের আবেদন জানালেও, সরকার তা নাকচ করে দেয়। অন্যদিকে, কূটনৈতিক মহলে শোনা যাচ্ছে, নিরাপদে ফিরিয়ে নেয়া এবং নতুন করে বিচারের সুযোগ দেয়ার শর্তে দিল্লি তাকে ফেরত পাঠানোর বিষয়ে ভাবছে।
ফেরার এমন ঘোষণার পর থেকেই কন্টেন্ট ক্রিয়েটররা, ব্যঙ্গ করতে এআই প্রযুক্তি ব্যবহার করে হাসিনাকে নিয়ে বানিয়ে চলেছেন অদ্ভুত সব ভিডিও।
নেটদুনিয়ায় এসব নিয়ে হাসি-তামাশা চললেও বাস্তবতা ভিন্ন। সাধারণ মানুষ মনে করছেন, দেশের ভেতরে থাকা নেতাকর্মীদের চাঙ্গা রাখতে এবং পরিস্থিতি অস্থিতিশীল করার উসকানি দিতেই এমন সব গুজব ছড়ানো হচ্ছে। বাস্তবে হাসিনার ফিরে আসার কোনো সম্ভাবনাই দেখছে না তারা।
নেতাদের পাল্টাপাল্টি হুঁশিয়ারি
শেখ হাসিনার তথাকথিত প্রত্যাবর্তন নিয়ে ট্রলের এই ডামাডোলের মাঝেই উত্তাপ ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাদের পাল্টাপাল্টি হুঁশিয়ারি। আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরপাকড়ে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের সক্রিয় ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে বিদেশে পালিয়ে থেকেই কড়া বার্তা দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে নয়নকে উদ্দেশ্য করে তিনি জানান, এক মাঘে শীত যায় না, সময় বদলালে ঢাকা শহরে নয়ন পালানোর পথও খুঁজে পাবেন না বলে হুঁশিয়ারি দেন তিনি।
তবে এমন হুঁশিয়ারিতে দমে না গিয়ে পাল্টা জবাব দিয়েছেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়নও। ফেসবুকে এক পোস্টে লেখক ভট্টাচার্যকে পলাতক আখ্যা দিয়ে নয়ন পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন, প্রকাশ্যে এলে তাকে কঠোর পরিণতির মুখে পড়তে হবে বলে সতর্ক করেন তিনি।
এমন উত্তপ্ত বাগযুদ্ধের মাঝেই আগুনে ঘি ঢেলেছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ঘরানার সাংবাদিক হিসেবে পরিচিত আনিস আলমগীর। নয়ন যখন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে অভিযুক্তদের ধরে থানায় সোপর্দ করায় সক্রিয় রয়েছেন, তখন তার কার্যক্রম নিয়ে সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেন আনিস।
নয়নের এমন অ্যাকশনধর্মী তৎপরতা নিয়ে ফেসবুকে কটাক্ষ করে তিনি লেখেন, সরকারি দলের নেতা হয়েও নয়ন যেভাবে মাঠে নেমে আটক অভিযান চালিয়ে অভিযুক্তদের থানায় পৌঁছে দিচ্ছেন, তাতে পুলিশের আর আলাদা কোনো কাজ থাকে না। তাই বর্তমানের চুক্তিভিত্তিক নিয়োগের ধারাবাহিকতায় ঢাকা মহানগর পুলিশের কমিশনারের পদটি নয়নের জন্য সংরক্ষিত রাখার পরামর্শ দিয়ে কার্যত ব্যঙ্গ করেন তিনি। আনিস আলমগীরের মতে, এতে অন্তত আইন নিজের হাতে তুলে নেয়া কিংবা মব তৈরির মতো অভিযোগগুলো আর ধোপে টিকবে না।
সব মিলিয়ে, একদিকে এআই প্রযুক্তির কল্যাণে সুড়ঙ্গ আর কাঁটাতার পেরিয়ে দেশে ফেরার কাল্পনিক দৃশ্য, অন্যদিকে ফেসবুকের পাতায় নেতাদের বাগযুদ্ধ, রাজনীতির মাঠের চেয়েও এখন ভার্চুয়াল জগতের এই এসবই বেশি উপভোগ করছে নেটিজেনরা।
আরও পড়ুন:







