মঙ্গলবার

১৭ নভেম্বর, ২০২৬ ২ অগ্রহায়ণ, ১৪৩৩

অধিদপ্তরে রূপান্তর হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ১৩:৫০

শেয়ার

অধিদপ্তরে রূপান্তর হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন
ছবি সংগৃহীত

ইসলামিক ফাউন্ডেশনকে পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে প্রস্তাবিত রূপান্তর কাঠামো ও সাংগঠনিক রূপরেখা তৈরি করে প্রতিষ্ঠানটির মহাপরিচালকের কাছে হস্তান্তর করেছে ইসলামিক ফাউন্ডেশন অফিসার্স অ্যাসোসিয়েশন।

সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এ কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।

মহাপরিচালকের কাছে প্রস্তাব হস্তান্তর

সোমবার (১৬ নভেম্বর) সকালে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী নদভীর কাছে প্রস্তাবিত রূপান্তর কাঠামো (ট্রান্সফরমেশন ফ্রেমওয়ার্ক) হস্তান্তর করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।

ইতোমধ্যে ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে। এ জন্য প্রস্তাবিত রূপান্তর কাঠামোর পাশাপাশি পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) চেয়েছে মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে প্রাতিষ্ঠানিক প্রস্তুতি ও সাংগঠনিক প্রস্তাব তৈরির কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

প্রস্তাবে গুরুত্ব পেয়েছে জনবল ও প্রশাসনিক কাঠামো

অফিসার্স অ্যাসোসিয়েশনের তৈরি প্রস্তাবিত কাঠামোয় ইসলামিক ফাউন্ডেশনের বিদ্যমান কার্যক্রম, জনবল, প্রশাসনিক ব্যবস্থাপনা, সাংগঠনিক সক্ষমতা এবং ভবিষ্যৎ কর্মপরিধি বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির জন্য কার্যকর ও যুগোপযোগী পূর্ণাঙ্গ অর্গানোগ্রাম তৈরির বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

সংশ্লিষ্টদের মতে, ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তর করা হলে প্রতিষ্ঠানটির প্রশাসনিক সক্ষমতা ও সাংগঠনিক কার্যক্রমে গতি আসতে পারে। বিশেষ করে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে কার্যক্রমের সমন্বয়, জনবল ব্যবস্থাপনা এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের কার্যকারিতা বাড়বে। সরকারি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নেও প্রতিষ্ঠানটির সক্ষমতা বাড়তে পারে।

পরবর্তী ধাপে মন্ত্রণালয়ে যাবে প্রস্তাব

ইসলামিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশের ধর্মীয়, সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, ইমাম প্রশিক্ষণ, ইসলামী গবেষণা ও প্রকাশনা, পবিত্র কোরআন ও হাদিসবিষয়ক গবেষণা, ধর্মীয় সম্প্রীতি ও মূল্যবোধের বিকাশ এবং হজ ব্যবস্থাপনায় সহযোগিতা। এ ছাড়া মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানকেন্দ্রিক বিভিন্ন কার্যক্রমও পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

রূপান্তর কাঠামো হস্তান্তরের পরবর্তী ধাপে প্রস্তাবটি পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধন করা হবে। এরপর পূর্ণাঙ্গ অর্গানোগ্রাম প্রস্তুত করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।



আরও পড়ুন: