সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া পেজ খুলে প্রতারণার ঘটনা নতুন কিছু নয়। পরিচিত মানুষের পরিচয়কে পুঁজি করে খোলা এসব পেজের আড়ালে চলে অপপ্রচার, প্রতারণা এবং বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড।
ইলিয়াস হোসাইনের নামে একাধিক ভুয়া পেজ
তবে, এবার সামাজিক যোগাযোগমাধ্যমের অন্যতম প্ল্যাটফর্ম ফেসবুকে অনুসন্ধানী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইনের নাম ও ছবি ব্যবহার করে খোলা হয়েছে একাধিক ভুয়া পেজ। ইলিয়াস হোসাইন ফ্যানস ক্লাব, ইলিয়াস হোসাইন ফ্যানস, মোঃ ইলিয়াছ হোসেন এবং ইলিয়াস হোসাইন আনঅফিশিয়াল—এমন বিভিন্ন নামে পরিচালিত হচ্ছে এসব পেজ। একজন সাংবাদিকের নাম ব্যবহার করে এভাবে একের পর এক পেজ খোলার ঘটনায় সামনে আসছে পরিচয় জালিয়াতি ও অপব্যবহারের উদ্বেগজনক চিত্র।
প্রতারণামূলক কার্যক্রম ও আটক
জানা যায়, ২৭ বছর বয়সী সেলিম খান নামের এক যুবক, জার্নালিস্ট ইলিয়াস হোসাইন ফ্যানস নামে একটি ভুয়া পেজসহ একাধিক সুপরিচিত রাজনীতিবিদের নামে পেজ খুলে দীর্ঘদিন ধরে প্রতারণামূলক ও রাষ্ট্রবিরোধী উসকানিমূলক কার্যক্রম চালিয়ে আসছিলেন। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানের নামেও ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেয়া হয় প্রতারণার আশ্রয়।
এরই ধারাবাহিকতায়, শনিবার (১৪ নভেম্বর) মধ্যরাতে টাঙ্গাইল সদরের বিশ্বাস বেতকা সার্কিট হাউস-সংলগ্ন বাজার এলাকা থেকে ওই যুবককে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি।
পূর্ববর্তী প্রতারণার ঘটনা
অন্যদিকে, সাংবাদিক ইলিয়াস হোসাইনের নাম ব্যবহার করে এর আগেও পরিচালিত হয়েছে প্রতারণামূলক কর্মকাণ্ড। অনুসন্ধানী এই সাংবাদিকের নামে টেলিগ্রামে ভুয়া কমিউনিটি চ্যানেল খুলে একটি চক্র বাংলা এডিশনের শেয়ার বিক্রির নামে প্রতারণা করেছে—এমন তথ্যও সামনে আসে এর আগে। বিষয়টি সে সময় কর্তৃপক্ষের নজরে এলে, এ নিয়ে বাংলা এডিশনে প্রকাশ করা হয় সতর্কতামূলক সংবাদ।
ভুয়া এসব পেজ, টেলিগ্রাম চ্যানেল কিংবা সেসব চ্যানেলের কোনো পোস্টের সঙ্গে সাংবাদিক ইলিয়াস হোসাইন অথবা বাংলা এডিশনের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এমন পরিস্থিতিতে সাংবাদিক ইলিয়াস হোসাইন ও বাংলা এডিশনের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি কিংবা প্রতারণা করলে নিকটবর্তী থানা অথবা স্ক্রিনে দেয়া নম্বর কিংবা ই-মেইলে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে বাংলা এডিশন কর্তৃপক্ষ।
আরও পড়ুন:







