বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে একাধিক পদে রদবদল ও পদায়ন করা হয়েছে। এ পরিবর্তনের অংশ হিসেবে তিনজন ব্রিগেডিয়ার জেনারেলকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদাতিক ডিভিশন, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ সংস্থা এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির নেতৃত্বেও পরিবর্তন আনা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব আদেশ জারি করা হয়। আদেশগুলো অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
আনসার ও ভিডিপির নতুন মহাপরিচালক তৌহিদুল আহমেদ
১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার ও ভিডিপি) নতুন মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের স্থলাভিষিক্ত হবেন।
অন্যদিকে মেজর জেনারেল সাজ্জাদ মাহমুদকে সেনাবাহিনীতে ফিরিয়ে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। পরে তাঁকে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।
বিপসটের বর্তমান কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক করা হয়েছে।
দুই মেজর জেনারেলকে রাষ্ট্রদূতের দায়িত্ব
রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের জন্য মেজর জেনারেল মো. হাফিজুর রহমান ও মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
মেজর জেনারেল হাফিজুর রহমান ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি এবং মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদ ১৯ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পদাতিক ডিভিশন ও সামরিক প্রতিষ্ঠানে নতুন দায়িত্ব
ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) থেকে মেজর জেনারেল সাজেদকে ৭ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ওই ডিভিশনের বর্তমান জিওসি মেজর জেনারেল রাজিকে ৫৫ পদাতিক ডিভিশনে পাঠানো হচ্ছে।
এ ছাড়া তিনজন ব্রিগেডিয়ার জেনারেলকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর তাঁদের নতুন দায়িত্বও নির্ধারণ করা হয়েছে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে ডিজিএফআইয়ে দায়িত্ব পালন করা ব্রিগেডিয়ার জেনারেল ইমানিকে ১১ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। একই সংস্থায় দায়িত্ব পালন করা ব্রিগেডিয়ার জেনারেল মোজাম্মেলকে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে সশস্ত্র বাহিনী বিভাগে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল রাজুকে পদোন্নতির পর ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডিরেক্টিং স্টাফ (আর্মি) বা এসডিএস (আর্মি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:







