গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে হাতকড়া ও ডান্ডাবেড়ি ছাড়া আদালতে হাজির করার ঘটনায় জাতীয় সংসদে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।
রবিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম. ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা এ বিষয়ে আইনমন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি করেন।
বক্তব্যে তাহসিনা রুশদীর লুনা বলেন, অসংখ্য গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত মেজর জিয়াউল হাসান (জিয়াউল আহসান) বর্তমানে কারাগারে আছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার চলমান রয়েছে। গত বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করার সময়কার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ছবিতে তার অঙ্গভঙ্গি ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখে মনে হচ্ছিল তিনি কোনো আনন্দ ভ্রমণে বের হয়েছেন, আর সঙ্গে থাকা পুলিশ সদস্যদের দেখে মনে হচ্ছিল তারা তাকে প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছেন।
তিনি আরও বলেন, এ ধরনের একজন অভিযুক্ত ব্যক্তি হাতকড়া পরতে অস্বীকৃতি জানানোয় তাকে হাতকড়া বা ডান্ডাবেড়ি ছাড়াই নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় তারা মর্মাহত হয়েছেন এবং তার মতো ভুক্তভোগী বহু পরিবার চরমভাবে উদ্বিগ্ন ও আতঙ্কিত।
সংসদে বক্তব্যের শেষে তিনি প্রশ্ন তুলে বলেন, সরকার কি তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, নাকি তার প্রতি কোনো বিশেষ মানবিকতা দেখানো হচ্ছে? ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি এমন অমানবিক আচরণের বিষয়ে তিনি আইনমন্ত্রীর কাছে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন।
আরও পড়ুন:







