দেশের রাজনীতিতে বিএনপির অবস্থান, জামায়াতের সঙ্গে বিরোধ, দলটির অভ্যন্তরে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর প্রভাবের অভিযোগ, শেখ হাসিনার ভারতে আশ্রয়, পাসপোর্ট ও প্রত্যাবর্তন, আওয়ামী লীগ মোকাবিলার কৌশল এবং আরেকটি ওয়ান-ইলেভেনের আশঙ্কা। পাশাপাশি গঙ্গার পানি বণ্টন চুক্তি, ফারাক্কা বাঁধ, আদানি বিদ্যুৎ চুক্তি, ১৩টি নদীতে বিদ্যুৎ উৎপাদন, ত্রিপুরা সীমান্তের নিরাপত্তা ও জাতীয় সার্বভৌমত্ব নিয়ে নানা শঙ্কা রয়েছে বর্তমানে দেশে।
কূটনৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ এসব বিষয় নিয়ে সম্প্রতি সাক্ষাৎকারে মুখোমুখি হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সুপরিচিত রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির অভ্যন্তরীণ অবস্থান এবং ভারতের ভূমিকা নিয়ে তাঁর বিশ্লেষণে উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর আলোচনা।
জামায়াতবিরোধী অবস্থানে বিএনপি
সাক্ষাৎকারের শুরুতেই সরকারি দলের সঙ্গে জামায়াতের বিরোধকে কেন্দ্র করে শাহরিয়ার কবিরের বক্তব্যে উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। তার দাবি, টকশো থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই জামায়াতবিরোধী আলোচনা থাকলেও দেশের উন্নয়ন কিংবা আওয়ামী লীগকে কীভাবে মোকাবিলা করা হবে, তা নিয়ে নেই তেমন কোনো আলোচনা-পর্যালোচনা।
শাহরিয়ার কবিরের ভাষ্যমতে, বিএনপি ও জামায়াত উভয়ের রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগ হলেও বিএনপি জামায়াতের বিরোধিতায় বেশি সোচ্চার থাকায় দেশের রাজনীতিতে আওয়ামী লীগের অনুপ্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। অন্যদিকে, সরকারি দলের অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গকেও প্রায়ই জামায়াতের বিরোধিতায় সরব থাকতে দেখা যায়।
এই পরিপ্রেক্ষিতে সাক্ষাৎকারে শাহরিয়ার কবির দাবি করেন, ভিনদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ডা বাস্তবায়নকারীরাই বিএনপিকে পরিকল্পিতভাবে জামায়াতবিরোধী অবস্থানে ঠেলে দিচ্ছে। ব্যারিস্টার শাহরিয়ার কবিরের দাবি, সরকারি দলের অনেকেই জাতীয়তাবাদী অবস্থানে থাকলেও দলটির নব্য রাজনীতিতে আসা কেউ কেউ ভারতীয় স্বার্থ রক্ষা করে যাচ্ছেন। পাশাপাশি সরকারদলীয় ওইসব রাজনীতিবিদের সঙ্গে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের গোপন যোগসাজশের অভিযোগও তোলেন এই রাজনৈতিক বিশ্লেষক।
হাসিনার পাসপোর্ট ও প্রত্যাবর্তন
অন্যদিকে, ভারতে অবস্থানরত ফ্যাসিস্ট শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়েও সাক্ষাৎকারে উঠে আসে ব্যারিস্টার শাহরিয়ার কবিরের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। তাঁর ভাষ্যে, অতীতে ভারতকে দেয়া বিভিন্ন সুবিধার কারণেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে দেশটি। তবে, শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে ভিন্ন ব্যাখ্যা দেন শাহরিয়ার কবির। তাঁর মতে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর একমাত্র পথ হলো, ভারতের পক্ষ থেকে তাঁকে গ্রেপ্তার করা। তাঁর দাবি, গ্রেপ্তারের পর ট্রাভেল পাসের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানো সম্ভব। এ ছাড়া আর কোনো সুযোগ নেই।
এছাড়া, শেখ হাসিনার পাসপোর্ট পাওয়ার গুঞ্জনকে কীভাবে দেখছেন—এমন প্রশ্নেও ভিন্ন এক বিশ্লেষণ তুলে ধরেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। তাঁর মতে, পাসপোর্ট নেয়া বাংলাদেশে ফেরার প্রস্তুতি নয়; বরং ভারত ছেড়ে অন্য কোনো দেশে চলে যাওয়ার পরিকল্পনার অংশ। এর কারণ হিসেবে তিনি মনে করেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করলে বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্ক স্বাভাবিক হবে না। আর এ বিষয়টি বিবেচনায় নিয়েই ভারত শেখ হাসিনাকে পাসপোর্ট দিয়ে অন্য কোনো দেশে পাঠাতে চাইছে।
এদিকে, বাংলাদেশে আরেকটি ওয়ান-ইলেভেন পরিস্থিতি তৈরির ইচ্ছা শেখ হাসিনার রয়েছে বলেও গুরুতর অভিযোগ করেন শাহরিয়ার কবির। তাঁর ভাষ্য, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে খালেদ মোশাররফের মতো কাউকে ক্ষমতায় দেখতে চান শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগকে যুক্তরাষ্ট্রের ফরেন টেররিস্ট অর্গানাইজেশন তালিকাভুক্ত করতেও, সরকারের প্রতি জোর দাবি জানান এই বিশ্লেষক। এছাড়াও সংবিধান সংস্কার নিয়ে সরকারি দলের গড়িমসির জোরালো আপত্তি তোলেন শাহরিয়ার কবির। তাঁর অভিযোগ, গণভোটের মাধ্যমে জনগণ সংবিধান সংস্কারের পক্ষে রায় দিলেও সেই রায় উপেক্ষা করা হচ্ছে। জনগণের রায়ের এমন উপেক্ষা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ভারত-বাংলাদেশ সম্পর্ক ও সার্বভৌমত্ব
শুধু দলীয় রাজনীতি নয়, ভারত-বাংলাদেশের চলমান সম্পর্ক নিয়েও সাক্ষাৎকারে উঠে আসে শাহরিয়ার কবিরের চাঞ্চল্যকর বক্তব্য। তাঁর দাবি, নেপাল ভারতকে তাদের সীমান্তবর্তী নদীতে হাইড্রো ইলেকট্রিসিটি উৎপাদনের সুযোগ দেয়ায় ভারত দেশটিকে বিনা মূল্যে বিদ্যুৎ সরবরাহ করে। অথচ অন্যদিকে, বাংলাদেশ-ভারত সীমান্তে ফারাক্কা বাঁধ এলাকায় বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র নির্মাণের পাশাপাশি দেশের ১৩টি নদীকে ঘিরেও বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা থাকলেও গত ৫৫ বছর বাংলাদেশকে সেই বিদ্যুৎ থেকে বঞ্চিত করেছে ভারত—এমনটাই সাক্ষাৎকারে জানান শাহরিয়ার কবির।
এদিকে, ভারতের কাছ থেকে বিনা মূল্যে বিদ্যুৎ পাওয়ার সুযোগ থাকলেও, সেই দাবি না করে আদানি ও অন্যান্য ভারতীয় প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল অর্থের বিনিময়ে বিদ্যুৎ কেনার কারণে সংশ্লিষ্ট মহলের ওপর ক্ষোভ ঝাড়েন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। একই সঙ্গে, গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী শনিবার (১২ ডিসেম্বর) শেষ হতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে চুক্তির নবায়ন নিয়ে আলোচনা জরুরি হলেও এ বিষয়ে কার্যকর কোনো আলোচনা হচ্ছে না বলে অভিযোগ করেন শাহরিয়ার কবির।
এ ছাড়া, সাক্ষাৎকারে দেশের সার্বভৌমত্ব নিয়েও শঙ্কা প্রকাশ করেন এই বিশ্লেষক। তাঁর দাবি, বাংলাদেশে থাকা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারীদের মাধ্যমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের চুক্তিতে এমন শর্ত যুক্ত করা হয়েছে, যার ফলে ১০০ মাইলের মধ্যে নতুন কোনো বিমানবন্দর বা এয়ারবেস নির্মাণের ক্ষেত্রে চুক্তিগত বাধা তৈরি হয়েছে। চট্টগ্রামকে রক্ষা করার জন্য ত্রিপুরার আশপাশে একটি সচল বিমানবন্দর প্রয়োজন থাকলেও এই চুক্তির কারণে সেই সুযোগ আর থাকছে না বলে দাবি তার।
এখানেই প্রশ্নের তীর ছোড়েন রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার শাহরিয়ার কবির। তাঁর অভিযোগ, ভারত যদি আওয়ামী লীগ ছাড়াই এসব সুবিধা পেয়ে যায়, তাহলে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনার প্রয়োজন কী? বিএনপিতে ঘাপটি মেরে থাকা সুবিধাভোগী নব্য রাজনৈতিক দায়িত্বশীলরা ভারতের স্বার্থ রক্ষায় শেষ পর্যন্ত দলটিকে কোথায় নিয়ে যাচ্ছেন, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
শুধু তাই নয়, সৌদি আরবে এক তরুণ ও এক তরুণীকে ফাঁসি দেয়ার ঘটনায় দেশটি থেকে ১৭ হাজার বাংলাদেশি প্রবাসীকে ফেরত পাঠানোর বিষয়টি নিয়েও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে সাক্ষাৎকারে প্রশ্ন তোলেন এই আইনজীবী। তাঁর অভিযোগ, এত বিপুলসংখ্যক প্রবাসীকে ফেরত পাঠানো হলেও এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো স্পষ্ট বার্তা দেয়া হয়নি। সেই সঙ্গে, দেশে বিপুল জনশক্তি এবং বিশ্বজুড়ে কর্মসংস্থানের সুযোগ থাকা সত্ত্বেও তা কাজে লাগাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলেও মন্তব্য করেন এই অ্যাক্টিভিস্ট।
আরও পড়ুন:







