রাজধানীর আজিমপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে আজিমপুর সমাজকল্যাণ গলি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.আকতার হোসেন এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন- মো. সোহরাব হোসেন সুমন মিয়া, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. রাসেল আহম্মেদ ও মো. মফিজুল ইসলাম।
লালবাগ থানার বরাত দিয়ে আকতার হোসেন বলেন, গ্রেফতার সোহরাব হোসেন সুমন মিয়া কচুয়া উপজেলার ৫ নম্বর পশ্চিম সহদেবপুর ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর আলম একই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং রাসেল আহম্মেদ ও মফিজুল ইসলাম ওই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
তিনি বলেন, গত ১৩ নভেম্বর আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মিছিলের আয়োজন ও তাতে অংশ নেন এই চারজন।
পরদিন ১৪ নভেম্বর সোহরাব হোসেন সুমন মিয়ার আজিমপুরের বাসায় সহযোগীদের নিয়ে গোপন বৈঠক করার সময় স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
আরও পড়ুন:







