রবিবার

১৫ নভেম্বর, ২০২৬ ১ অগ্রাহায়ণ, ১৪৩৩

দুদকের পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তিতে পাঁচ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬ ০৮:৩৫

শেয়ার

দুদকের পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তিতে পাঁচ সদস্যের কমিটি
ছবি সংগৃহীত

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অনুসন্ধান ও মামলার জট কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পুরোনো অনুসন্ধান ও মামলাগুলোর বর্তমান অবস্থা পর্যালোচনা করে দ্রুত নিষ্পত্তির উপায় বের করতে পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে সংস্থাটি। একই সঙ্গে ক্রোক ও অবরুদ্ধ সম্পদের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সম্পদ ব্যবস্থাপনা শাখাকে পূর্ণাঙ্গ অনুবিভাগে রূপ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন

দুদক সূত্রে জানা গেছে, সম্প্রতি পৃথক দুটি অফিস আদেশে এই কমিটি গঠন করা হয়। পুরোনো অনুসন্ধান ও মামলা পর্যালোচনা কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে কাজ শেষ করে সুনির্দিষ্ট সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অন্য কমিটিকেও একই সময়ের মধ্যে সম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগ গঠনের প্রয়োজনীয় পরিকল্পনা তৈরি করে কমিশন সচিবের কাছে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

পুরোনো অনুসন্ধান ও মামলা পর্যালোচনা কমিটির আহ্বায়ক করা হয়েছে দুদকের পরিচালক (লিগ্যাল) মো. শাহাদৎ হোসেন প্রামাণিককে। সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন পরিচালক (মানি লন্ডারিং) মো. মোরশেদ আলম।

কমিটির অন্য সদস্যরা হলেন পরিচালক (প্রসিকিউশন) মোহাম্মদ ইকবাল বাহার, পরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-৩) ড. মোহাম্মদ জহিরুল হুদা এবং পরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) রিজিয়া খাতুন।

দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে নিষ্পত্তির অপেক্ষায় থাকা অনুসন্ধান ও মামলাগুলোর বর্তমান অবস্থা পর্যালোচনা করবে কমিটি। কোন পর্যায়ে অনুসন্ধান বা তদন্ত আটকে আছে, মামলা নিষ্পত্তিতে কী ধরনের জটিলতা রয়েছে এবং দ্রুত এগিয়ে নিতে কী পদক্ষেপ প্রয়োজন, তা চিহ্নিত করে সুনির্দিষ্ট সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়া হবে।

সম্পদ ব্যবস্থাপনায় পৃথক অনুবিভাগের পরিকল্পনা

আকতারুল ইসলাম জানান, সম্পদ ব্যবস্থাপনা শাখার সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে কমিশন। বর্তমানে একজন পরিচালকের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সম্পদ ব্যবস্থাপনাকে পৃথক অনুবিভাগে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এ অনুবিভাগের দায়িত্বে অনুসন্ধান ও তদন্ত অনুবিভাগের মতো একজন মহাপরিচালক থাকবেন।

নতুন অনুবিভাগের জন্য প্রয়োজনীয় জনবলকাঠামো ও প্রযুক্তিসহ পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরির কাজ চলছে। এ-সংক্রান্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা দুদক পরিচালক মো. মঞ্জুর মোর্শেদকে।

দুদকের সাবেক মহাপরিচালক মঈদুল ইসলাম দীর্ঘদিনের অনুসন্ধান ও মামলার জট কমাতে কমিশনের এই উদ্যোগকে সময়োপযোগী বলে মন্তব্য করেছেন।