শনিবার

১৪ নভেম্বর, ২০২৬ ৩০ কার্তিক, ১৪৩৩

শাহজালাল বিমানবন্দরে ১৯২ ফ্লাইট বাতিল; ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬ ১৮:১০

শেয়ার

শাহজালাল বিমানবন্দরে ১৯২ ফ্লাইট বাতিল; ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিচালিত মোট ১৯২টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে। এতে এখন পর্যন্ত ২৩ হাজার ২৭৪ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ১১৫টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট।

সরাসরি ফ্লাইট বাতিলের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওপর। সংস্থাটির ৫৫টি ফ্লাইটের চলাচল ব্যাহত হয়েছে। এ ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদি এয়ারলাইন্সের ২২টি এবং রিয়াদ এয়ারওয়েজের ২৮টি সরাসরি ফ্লাইট বাতিল হয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।

ফ্লাইট ম্যানেজমেন্ট-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত বিধিনিষেধের কারণে এসব ফ্লাইটের সূচি ও চলাচলে বিঘ্ন ঘটেছে। এতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়েছে। পাশাপাশি তাঁদের পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে।