দেশের শিল্পাঞ্চলগুলোর নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, জিরানী ও জামগড়া এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, ভোগড়া বাইপাস, গাছা, সালনা, নাওজোর ও কাশিমপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্প এলাকায় নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন তারা।
শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করছেন। এ জন্য তাদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
এদিকে, পরিস্থিতি পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদর দফতরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ কার্যক্রমে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইম্প্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।
আরও পড়ুন:







