শনিবার

১৪ নভেম্বর, ২০২৬ ৩০ কার্তিক, ১৪৩৩

অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে বাড়ছে জটিলতা, সচেতনতায় প্রতিরোধ সম্ভব ৭০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬ ০৯:১৬

আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬ ০৯:১৬

শেয়ার

অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে বাড়ছে জটিলতা, সচেতনতায় প্রতিরোধ সম্ভব ৭০ শতাংশ
ছবি সংগৃহীত

ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা দেশে দিন দিন বাড়ছে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হৃদ্‌রোগ, স্ট্রোক, কিডনি জটিলতা, অন্ধত্ব ও স্নায়ুরোগসহ নানা গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। বর্তমানে দেশে প্রায় ১ কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। তাদের অর্ধেকই নারী। উদ্বেগের বিষয়, আক্রান্তদের প্রায় অর্ধেক জানেন না যে তারা এ রোগে ভুগছেন। অথচ সচেতনতা ও জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে টাইপ-২ ডায়াবেটিসের প্রায় ৭০ শতাংশ প্রতিরোধ করা সম্ভব।

আজ ১৪ নভেম্বর, বিশ্ব ডায়াবেটিস দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।

ডায়াবেটিস এক ধরনের বিপাকজনিত রোগ। খাবার গ্রহণের পর অগ্ন্যাশয় থেকে নিঃসৃত ইনসুলিন হরমোন রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। শরীরে ইনসুলিনের উৎপাদন কমে গেলে অথবা উৎপাদিত ইনসুলিন ঠিকমতো কাজ না করলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। এ অবস্থাকেই ডায়াবেটিস বলা হয়। এ রোগ মূলত টাইপ-১ ও টাইপ-২—এই দুই ধরনের।

অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে বাড়ছে গুরুতর জটিলতা

চিকিৎসকদের তথ্যমতে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে পারে। পরিসংখ্যান অনুযায়ী, ডায়াবেটিসে আক্রান্তদের ৬০ থেকে ৭০ শতাংশ হৃদ্‌রোগে, ৩৪ শতাংশ কিডনি রোগে এবং ৩০ থেকে ৩৬ শতাংশ স্নায়ুরোগে আক্রান্ত হন। এ ছাড়া ৩৪ শতাংশ রোগীর দৃষ্টিশক্তি হারানোর এবং ২৫ শতাংশের রেটিনোপ্যাথির ঝুঁকি রয়েছে।

ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ডা. সাহেলা নাসরিন জানান, ডায়াবেটিস থাকলে হৃদ্‌রোগের ঝুঁকি দ্বিগুণ এবং স্ট্রোকের ঝুঁকি ৪০ শতাংশ বেড়ে যায়। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ডায়াবেটিসজনিত জটিলতা নিয়ে অনেক রোগী হৃদ্‌রোগের চিকিৎসা নিতে আসছেন।

ডায়াবেটিসের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে ঘন ঘন প্রস্রাবের বেগ, অতিরিক্ত তৃষ্ণা, হঠাৎ ওজন কমে যাওয়া, চোখে ঝাপসা দেখা, অতিরিক্ত ক্লান্তি ও ক্ষুধা লাগা। এ ছাড়া ত্বক শুষ্ক হয়ে যাওয়া, ক্ষত সহজে না শুকানো, বারবার সংক্রমণ এবং হাত-পা অসাড় হয়ে যাওয়াও এ রোগের লক্ষণ হতে পারে।

সচেতনতা ও জীবনযাত্রায় পরিবর্তনের পরামর্শ

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান বলেন, ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন ডায়াবেটিসকে মহামারি হিসেবে চিহ্নিত করেছে। মানুষের জীবনযাপনের ধরন পরিবর্তন এবং ফাস্টফুডের প্রতি আসক্তি বাড়ায় বড়দের পাশাপাশি শিশুরাও এ রোগের ঝুঁকিতে পড়ছে।

তিনি টাইপ-১ ডায়াবেটিস রোগীদের জীবন রক্ষায় সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ইনসুলিন সরবরাহের দাবি জানান। পাশাপাশি রোগের উপসর্গ দেখা দেওয়ার আগেই নিয়মিত পরীক্ষা করার পরামর্শ দেন।

পুষ্টিবিদ ও চিকিৎসকদের মতে, অতিরিক্ত ফাস্টফুড ও চর্বিযুক্ত খাবার পরিহার, নিয়মিত শরীরচর্চা এবং ওজন নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব। এ ছাড়া বছরে অন্তত দুবার ডায়াবেটিস পরীক্ষা করা জরুরি।

ডায়াবেটিস দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ, যা সারা জীবন নিয়ন্ত্রণে রাখতে হয়। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হার্ট অ্যাটাকসহ বিভিন্ন হৃদ্‌রোগ, স্ট্রোক, কিডনি জটিলতা, অন্ধত্ব এবং স্নায়ু ও রক্তনালির ক্ষতির কারণে অঙ্গচ্ছেদের মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে। তবে ডায়াবেটিস সুনিয়ন্ত্রণে রাখলে সারা জীবন সুস্থ ও কর্মক্ষম থাকা সম্ভব।

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে বলেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমানো সম্ভব। বাংলাদেশে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে, যা উদ্বেগের বিষয়।

২০৩০ সালের মধ্যে পাঁচ লক্ষ্যমাত্রা

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন ২০৩০ সালের মধ্যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে পাঁচটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে রয়েছে ৮০ শতাংশ রোগীকে রোগনির্ণয়ের আওতায় আনা, ৮০ শতাংশ রোগীর রক্তে শর্করা ও রক্তচাপ সুনিয়ন্ত্রণে রাখা, চল্লিশোর্ধ্ব ৬০ শতাংশ রোগীর জন্য স্ট্যাটিন ওষুধ প্রাপ্তি নিশ্চিত করা এবং টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত শতভাগ রোগীর কাছে ইনসুলিন পৌঁছে দেওয়া।

বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও নানা কর্মসূচি

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল সাড়ে ৮টায় রাজধানীর শাহবাগে বারডেম কার পার্কিং থেকে টেনিস ক্লাবের গেট পর্যন্ত সচেতনতামূলক রোড শো অনুষ্ঠিত হবে।

সকাল ১০টায় বারডেম অডিটোরিয়ামে বিশেষজ্ঞ চিকিৎসক ও রোগীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব এবং দুপুর সাড়ে ১২টায় আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিআইএইচএস ও এনএইচএন-এর বিভিন্ন কেন্দ্রে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয়ের ব্যবস্থা রাখা হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বারডেমে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে হ্রাসকৃত মূল্যে হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে।

পাশাপাশি সমিতির নিজস্ব প্রকাশনা কান্তির বিশেষ সংখ্যা প্রকাশ এবং গণমাধ্যমে বিশেষ অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।