শুক্রবার

১৩ নভেম্বর, ২০২৬ ২৯ কার্তিক, ১৪৩৩

ঢাকার চার নদীতে দূষণের ৪২৬ স্পট চিহ্নিত: নৌপরিবহন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬ ২১:০০

শেয়ার

ঢাকার চার নদীতে দূষণের ৪২৬ স্পট চিহ্নিত: নৌপরিবহন মন্ত্রী
ছবি: সংগৃহীত

ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীতে দূষণের উৎস হিসেবে প্রায় ৪২৬টি স্পট চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেছেন, এসব উৎস দিয়ে রাসায়নিক, তরল ও কঠিন বর্জ্য নদীতে প্রবেশ করছে। দূষণ নিয়ন্ত্রণ ও বর্জ্য প্রবেশ বন্ধে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সমন্বয়ে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। নদীর সীমানা সংরক্ষণ, অবৈধ দখল প্রতিরোধ ও ওয়াকওয়ে নির্মাণের মাধ্যমে নদীর স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার কার্যক্রমও চলমান রয়েছে।

শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরে তুরাগ নদীর তীরভূমির ওয়াকওয়েতে আয়োজিত ‘বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে রান’ অনুষ্ঠানে এসব কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, দখল ও দূষণমুক্ত করার পাশাপাশি নদীর তীরকে জনবান্ধব, পরিবেশবান্ধব ও পর্যটন উপযোগী করে গড়ে তুলতে সরকার সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এসব কার্যক্রম দ্রুত বাস্তবায়িত হলে ঢাকার চারপাশে কার্যকর বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে।

অনুষ্ঠানে জানানো হয়, বিআইডব্লিউটিএ এরই মধ্যে ঢাকার চারপাশের চার নদীর উভয় তীরে প্রায় ২২০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করেছে। সেইসঙ্গে নদীর সীমানা সংরক্ষণ, তীররক্ষা বাঁধ, ইকোপার্ক, জেটি ও পর্যটন সুবিধা গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। ৭ হাজার ১০০টি সীমানা পিলার স্থাপনের লক্ষ্যমাত্রার বিপরীতে ৬ হাজার ৬৩০টি স্থাপন করা হয়েছে। পাশাপাশি ১৩টি জেটি ও ৫টি ইকোপার্কের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে মন্ত্রী বলেন, নদীর সীমানা সংরক্ষণ ও জনসাধারণের হাঁটাচলার উপযোগী পরিবেশ সৃষ্টিতে বিআইডব্লিউটিএ বিভিন্নস্থানে ওয়াকওয়ে নির্মাণ করেছে। অসম্পূর্ণ ওয়াকওয়ের সংযোগ বা মিসিং লিংক দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেয়া হয়েছে। নদীতীরকে হাঁটাচলা, শরীরচর্চা ও বিনোদনের উপযোগী করে গড়ে তোলার পাশাপাশি নদী সংরক্ষণে জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়ানোই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মুহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আতাউর রহমান খান, বিআইডব্লিউটিএর সদস্য (অর্থ) ক্যাপ্টেন (অব.) মোয়াজ্জেম হোসেন, সদস্য (পরিকল্পনা ও পরিচালন) ও যুগ্ম সচিব সাজেদুর রহমান এবং সদস্য (প্রকৌশল) রকিবুল ইসলাম তালুকদারসহ নৌপরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএর বিভিন্ন বিভাগের প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।