দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হয়ে নিম্নচাপ এবং পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। তবে ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর সম্ভাব্য গতিপথ কোন দিকে হবে, তা এখনো নিশ্চিত নয়।
অন্ধ্রপ্রদেশ ও ওডিশার দিকে সম্ভাব্য গতিপথ
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বঙ্গোপসাগরে লঘুচাপটি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। তাঁর মতে, লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে এটি ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।
সম্ভাব্য গতিপথ সম্পর্কে তিনি জানান, নিম্নচাপ সৃষ্টি হওয়ার পর এটি কোন দিকে অগ্রসর হবে, তা স্পষ্টভাবে বোঝা যাবে। এখন পর্যন্ত এর সম্ভাব্য গতিপথ ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলের দিকে রয়েছে। তবে নিম্নচাপে পরিণত হলে গতিপথ সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের সার্বিক আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৫ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের আমবাগানে, ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন:







