প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরে দেশের জাতীয় পর্যটন মহাপরিকল্পনা আনুষ্ঠানিকভাবে উন্মোচন করবেন বলে আশা করা হচ্ছে। আটটি বিভাগে চিহ্নিত ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে ঘিরে তৈরি এই মহাপরিকল্পনা আগামী ২০২৭ সালের জানুয়ারি থেকে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এতে ২০৪১ সালের মধ্যে ৫৫ লাখ ৮০ হাজার পর্যটক আকর্ষণ এবং ২ কোটি ১৯ লাখ ৪০ হাজার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
বাংলাদেশ ফেস্টিভ্যালে উন্মোচনের প্রস্তুতি
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী জানিয়েছেন, ঢাকায় প্রস্তাবিত পাঁচ দিনব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যালে মহাপরিকল্পনাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের প্রস্তুতি চলছে। আগামী ২৭ থেকে ৩১ ডিসেম্বর উৎসবটি আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে চূড়ান্ত কর্মসূচি ও এতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
ফারুকী জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহে মহাপরিকল্পনাটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দেওয়ার আশা করছে বিটিবি। এর আগে আগামী ৩০ নভেম্বরের মধ্যে পর্যালোচনা কমিটির যাচাই করা নথি পাওয়ার প্রত্যাশা রয়েছে। এরপর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
জাতীয় পর্যটন কাউন্সিলের অনুমোদন পাওয়া গেলে ২০২৭ সালের জানুয়ারি থেকে মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করার লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।
আট বিভাগে ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ
জাতীয় পর্যটন মহাপরিকল্পনার সারসংক্ষেপ অনুযায়ী, ২০২৪ থেকে ২০৪১ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি উন্নয়ন রূপরেখা এতে তুলে ধরা হয়েছে। এর লক্ষ্য বাংলাদেশকে একটি প্রতিযোগিতামূলক ও টেকসই পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা।
মহাপরিকল্পনায় দেশের আটটি প্রশাসনিক বিভাগে ১ হাজার ৪৯৮টি পর্যটন সম্পদ ও আকর্ষণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। এসব গন্তব্যের অবকাঠামো, পর্যটন পণ্য, ব্যবস্থাপনা, বিপণন এবং মানবসম্পদের সমন্বিত উন্নয়নের প্রস্তাব রয়েছে।
সমুদ্রসৈকত, পরিবেশবান্ধব পর্যটন, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী পর্যটন, ধর্মীয় পর্যটন, অ্যাডভেঞ্চার, নদীভিত্তিক, গ্রামীণ ও ক্রুজ পর্যটনের বিকাশে বিভিন্ন উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি মিটিং, ইনসেনটিভ, কনফারেন্স ও এক্সিবিশনভিত্তিক মাইস পর্যটন সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
ই-ভিসা ও পর্যটকদের নিরাপত্তায় গুরুত্ব
পর্যটন খাতে বিনিয়োগ আকর্ষণে ইলেকট্রনিক ভিসা বা ই-ভিসা চালু, পর্যটকদের নিরাপত্তা জোরদার, গন্তব্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) সম্প্রসারণের সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, গন্তব্য ব্যবস্থাপনা সংস্থা এবং স্বতন্ত্র পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব রয়েছে। পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দক্ষ জনবল তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
ফারুকী বলেন, মহাপরিকল্পনা বাস্তবায়ন বলতে শুধু হোটেল, রিসোর্ট ও অন্যান্য অবকাঠামো নির্মাণ বোঝায় না। এর আওতায় গন্তব্যগুলোর প্রচারণা, পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ, স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা এবং সরকারি-বেসরকারি অংশীজনদের মধ্যে সমন্বয় গড়ে তোলার কাজও থাকবে।
মহাপরিকল্পনায় দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান, অর্থায়নের বিকল্প উৎস, প্রকল্পের অগ্রাধিকার এবং তদারকি ব্যবস্থা নির্ধারণ করে একটি বাস্তবায়ন কাঠামোর প্রস্তাব করা হয়েছে। পর্যটন খাতের উন্নয়নে প্রাথমিক অগ্রাধিকারমূলক প্রকল্প গ্রহণ, বিনিয়োগে প্রণোদনা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব বাড়ানোর সুপারিশও রয়েছে।
সংসদে পর্যটন উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী
এর আগে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছিলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে পর্যটনকে অন্যতম প্রধান খাত হিসেবে গড়ে তুলতে সরকার সমন্বিত মহাপরিকল্পনা তৈরি করছে। পর্যটনকে অগ্রাধিকারমূলক খাত হিসেবে চিহ্নিত করে পর্যায়ক্রমে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথাও জানান তিনি।
প্রধানমন্ত্রী কক্সবাজার, সিলেট ও খুলনায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের মালিকানাধীন জমিতে আন্তর্জাতিক মানের হোটেল ও পর্যটন সুবিধা গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরেন।
কক্সবাজারে সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে পর্যটন উন্নয়নের জন্য ১৩২ দশমিক ৪৪ একর জমি চিহ্নিত করেছে সরকার। এ ছাড়া দেশের আতিথেয়তা খাতের জনবলকে দক্ষ করে তুলতে মোটেল লাবণী চত্বরে একটি আধুনিক পর্যটন প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হচ্ছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও জাতীয় সংসদে জানিয়েছেন, প্রায় ১ হাজার ৪৯৮টি পর্যটন কেন্দ্রকে অন্তর্ভুক্ত করে সমন্বিত মহাপরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে।
তিনি জানান, কমিউনিটিভিত্তিক পর্যটনের প্রসার, পর্যটকদের নিরাপত্তা জোরদার এবং পর্যটন খাতের তথ্য-উপাত্ত উন্নত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি জাতীয় পর্যটন নীতিমালা ২০২৬ প্রণয়নের কাজও শুরু হয়েছে।
মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন চান পর্যটন উদ্যোক্তারা
পর্যটন খাতের অংশীজনরা দীর্ঘদিন ধরে মহাপরিকল্পনাটি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। তাদের মতে, সমন্বিত বিনিয়োগ, পেশাদার গন্তব্য ব্যবস্থাপনা এবং পর্যটকদের সেবার মান উন্নয়ন ছাড়া দেশের পর্যটন সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো সম্ভব নয়।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি মোহাম্মদ হানিফ পর্যটন খাতের শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা, পেশাদার প্রশিক্ষণ এবং নীতিগত সহায়তার ওপর গুরুত্ব দিয়েছেন।
সংগঠনটির সাবেক সভাপতি মো. রাফেউজ্জামান অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পর্যটকদের অভিজ্ঞতা ও সেবার মান বাড়ানোর পক্ষে মত দিয়েছেন।
প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (পাটা) বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব তৌফিক রহমান বেসরকারি খাতের অংশগ্রহণ, কার্যকর গন্তব্য ব্যবস্থাপনা এবং সমন্বিত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন।
তিনি মহাপরিকল্পনায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, পরিবেশগত স্থায়িত্ব, পর্যটন বিপণন এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার ওপর যথেষ্ট গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন।
২০১৯ সালে জাতীয় পর্যটন মহাপরিকল্পনা তৈরির উদ্যোগ নেওয়া হয়। তবে কোভিড-১৯ মহামারি, প্রশাসনিক জটিলতা এবং বিভিন্ন সময়ে দফায় দফায় পর্যালোচনার কারণে এর কাজ বারবার পিছিয়েছে। দীর্ঘ অপেক্ষার পর এবার ডিসেম্বরের মধ্যে পরিকল্পনাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ এবং ২০২৭ সালের জানুয়ারি থেকে বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে সরকার।
আরও পড়ুন:







