আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বোমা হামলা ও ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করা ব্যক্তিরা দেশের মানুষকে এখনো চিনতে পারেননি। বাংলাদেশের মানুষ অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না।
শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সন্ত্রাসে জড়িতদের বিষয়ে তথ্য রয়েছে সরকারের কাছে
আইনমন্ত্রী বলেন, বোমা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত অনেকেই ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন। এসব কর্মকাণ্ডের সঙ্গে কারা এবং কীভাবে জড়িত, সে বিষয়ে সরকার তথ্য-উপাত্ত পেয়েছে। কারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, তা দেশের মানুষও দেখছে।
সাংবাদিকতার ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, গণমাধ্যম মানুষের আস্থার জায়গায় পৌঁছেছে। কোথাও হয়রানির শিকার হয়ে প্রতিকার না পেলে মানুষ গণমাধ্যমের দ্বারস্থ হয়। সাংবাদিকদের এই আস্থার জায়গা ধরে রাখতে হবে। একই সঙ্গে অপসাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। নিজেদের সম্মান, মর্যাদা ও পরবর্তী প্রজন্মের স্বার্থে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে সরকারের সহযোগিতা প্রয়োজন হলে তা দেওয়া হবে।
তিনি আরও বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে এবং অন্যায়, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম ধরতে হবে। সরকারের ভালো কাজের পাশাপাশি ভুল-ত্রুটি ও নেতিবাচক কর্মকাণ্ডও তুলে ধরতে হবে। এমনকি সমালোচনা সরকারের বিরুদ্ধে গেলেও তাতে কোনো আপত্তি নেই।
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের ঘটনা ঘটেনি: আইনমন্ত্রী
গত প্রায় নয় মাসে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের ঘটনা ঘটেনি বলে দাবি করেন আইনমন্ত্রী। তিনি বলেন, পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা দায়েরের সংস্কৃতি থেকেও বেরিয়ে আসার চেষ্টা করছে সরকার। মানুষের অধিকার নিশ্চিত করতে সরকারের উদ্যোগগুলো যেমন গণমাধ্যমে তুলে ধরতে হবে, তেমনি সরকারের কোনো ভুল থাকলে সেটিও প্রকাশ করতে হবে।
মো. আসাদুজ্জামান বলেন, রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে সরকার সঠিক তথ্যের ভিত্তিতে সঠিক পথে এগিয়ে যেতে চায়। সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছেন। সব অপশক্তির বিরুদ্ধে সরকার মাঠে রয়েছে।
ঝিনাইদহের সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান
ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সাংগঠনিক ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক মত, পথ ও আদর্শের পার্থক্য থাকলেও নিজেদের শিকড়ের টানে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা উচিত। নেতৃত্ব কিংবা কর্তৃত্বের প্রশ্নে সংগঠনের কর্মসূচিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা আত্মঘাতী সিদ্ধান্ত। মতভেদ ভুলে সংগঠনকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
ঢাকায় অবস্থানরত ঝিনাইদহের সাংবাদিকদের বছরে অন্তত এক থেকে দুটি কর্মসূচি নিজ জেলায় আয়োজনের আহ্বান জানান তিনি। এতে জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠী উপকৃত হবে। স্থানীয় সাংবাদিক ও নতুন প্রজন্ম অনুপ্রাণিত হবে এবং জেলার উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা আরও দৃশ্যমান হবে।
সভায় সভাপতিত্ব করেন ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান পলাশ। সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক খাইরুল আলম বকুল প্রমুখ।
এ সময় ফোরামের জ্যেষ্ঠ সহসভাপতি মো. কবির হোসেন, জ্যেষ্ঠ সদস্য ও নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ এবং দপ্তর সম্পাদক রুবেল পারভেজ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:







