রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৫৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ককটেল, মাদক, জাল টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একজন ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
যে বিভাগে কতজন গ্রেপ্তার
ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৬ জন, লালবাগ বিভাগে ৬০ জন, ওয়ারী বিভাগে ৪৮ জন, মতিঝিল বিভাগে ৫২ জন, তেজগাঁও বিভাগে ৯১ জন, মিরপুর বিভাগে ১৪৭ জন, গুলশান বিভাগে ৫০ জন এবং উত্তরা বিভাগে ৫৫ জন রয়েছেন।
এ ছাড়া স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) থেকে একজন এবং গোয়েন্দা বিভাগ থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে উদ্ধার ককটেল, মাদক ও জাল টাকা
অভিযানকালে তিনটি ককটেল, তিনটি ককটেলের বিস্ফোরিত অংশবিশেষ, ছয় কেজি গাঁজা, ২০৭ পিস ইয়াবা, ১০ বোতল ফেনসিডিল, এক হাজার টাকার ৯২৫টি জাল নোট এবং সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ছাড়া একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার ও আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন:







