বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৮ কার্তিক, ১৪৩৩

শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ১৭:৪৭

শেয়ার

শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু
ছবি সংগৃহীত

রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ শুনানি শুরু হয়। শুনানিতে অংশ নিতে কারাগারে থাকা ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মামলার ৪১ আসামির মধ্যে ১১ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। বাকি ৩০ জন পলাতক।

নথি পাওয়া নিয়ে বাদানুবাদ

শুনানির শুরুতে আসামিপক্ষের আইনজীবীরা মামলার কিছু নথি না পাওয়ার বিষয়টি ট্রাইব্যুনালকে জানান। এ নিয়ে প্রসিকিউশন ও আসামিপক্ষের মধ্যে বাদানুবাদ হয়। পরে ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে শুনানি শুরু করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ সময় তিনি শাপলা চত্বরে সংঘটিত ঘটনার বিবরণ তুলে ধরেন। অভিযোগ গঠনের বিষয়ে উভয় পক্ষের বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে মামলার পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

কারাগারে থাকা ১১ আসামি

এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আসামিরা হলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক আবদুল জলিল মণ্ডল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রুপা।

পলাতক ৩০ আসামির মধ্যে যারা রয়েছেন

মামলার পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাবেক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ এবং গণজাগরণ মঞ্চের সাবেক মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

এ ছাড়া পলাতক আসামিদের তালিকায় রয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, তৎকালীন র‍্যাব মহাপরিচালক মো. আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত আইজিপি শেখ মুহাম্মাদ মারুফ হাসান ও মাহবুব হোসেন, মনিরুল ইসলাম, সাবেক ডিআইজি হারুন-অর-রশীদ, বিপ্লব কুমার সরকার ও সৈয়দ নুরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।