ঢাকার মেট্রোরেলের প্রথম ভূগর্ভস্থ অংশ নির্মাণের কাজ পেয়েছে ভারতের টাটা প্রজেক্টস ও জাপানের নিশিমাৎসু কনস্ট্রাকশন এবং তোদা করপোরেশনের যৌথ উদ্যোগ। ৫ দশমিক ১৮২ কিলোমিটার ভূগর্ভস্থ রেলপথ ও তিনটি স্টেশন নির্মাণে চুক্তিটির মূল্য প্রায় ৬৫৩ মিলিয়ন মার্কিন ডলার।
বৃহস্পতিবার টাটা প্রজেক্টসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কাছ থেকে কন্ট্রাক্ট প্যাকেজ-০৬ (সিপি-০৬) পেয়েছে নিশিমাৎসু-টাটা-তোদা জয়েন্ট ভেঞ্চার। ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনেও এ তথ্য প্রকাশ করা হয়েছে।
নির্মাণ হবে তিনটি ভূগর্ভস্থ স্টেশন
চুক্তি অনুযায়ী, ৫ দশমিক ১৮২ কিলোমিটার ভূগর্ভস্থ মূল রেলপথ নির্মাণ করা হবে। পাশাপাশি খিলক্ষেত, বিমানবন্দর টার্মিনাল-৩ ও বিমানবন্দর—এই তিনটি ভূগর্ভস্থ স্টেশন নির্মাণ করা হবে। প্রকল্পের উত্তর প্রান্তে একটি শ্যাফটও নির্মাণ করা হবে।
কাজের আওতায় অবকাঠামোগত নির্মাণ, স্থাপত্যসংক্রান্ত ফিনিশিং এবং মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও প্লাম্বিং (এমইপি) ব্যবস্থার কাজ রয়েছে। নির্মাণকাজ শুরুর পর পাঁচ বছরের মধ্যে প্রকল্পের এ অংশ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রকল্পে অর্থায়ন করছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ও বাংলাদেশ সরকার।
টাটা প্রজেক্টসের প্রেসিডেন্ট ও চিফ গ্রোথ অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার রাজীব মেনন বলেন, এশিয়া, মধ্যপ্রাচ্য ও উদীয়মান অর্থনীতির দেশগুলোতে নগরায়ণের কারণে মেট্রোরেল ও রেল অবকাঠামোয় বিনিয়োগ বাড়ছে। ঢাকার এ প্রকল্প আন্তর্জাতিক পর্যায়ে জটিল অবকাঠামো নির্মাণে টাটা প্রজেক্টসের সক্ষমতা ও গ্রহণযোগ্যতা আরও বাড়াবে।
কোম্পানিটির ভাষ্য, প্রকল্পটি ঢাকার গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, যানজট কমানো এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে।
দুই প্যাকেজে নির্মাণ হবে ৯.৬২৯ কিলোমিটার ভূগর্ভস্থ রেলপথ
এর আগে চলতি মাসের শুরুতে দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল প্রকল্প এমআরটি লাইন-১-এর চারটি গুরুত্বপূর্ণ প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর করে সরকার। এসব প্যাকেজের আওতায় ভূগর্ভস্থ টানেল ও স্টেশন নির্মাণের পাশাপাশি রেললাইন, বিদ্যুৎ, সিগন্যালিং ও টেলিযোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হবে।
এর মধ্যে সিপি-০৪ প্যাকেজে রামপুরা ভূগর্ভস্থ স্টেশনের উত্তর প্রান্ত থেকে নতুন বাজার স্টেশন পর্যন্ত ৪ দশমিক ৪৪৭ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হবে। আর সিপি-০৬ প্যাকেজে নাড্ডা ভূগর্ভস্থ স্টেশনের উত্তর প্রান্ত থেকে বিমানবন্দর স্টেশন পর্যন্ত ৫ দশমিক ১৮২ কিলোমিটার অংশ নির্মাণ করা হবে।
এই দুই প্যাকেজে মোট ৯ দশমিক ৬২৯ কিলোমিটার ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, সিপি-০৯ প্যাকেজে রেললাইন, টার্নআউট, পয়েন্ট ও ক্রসিং স্থাপনের পাশাপাশি বিদ্যুৎ অবকাঠামো নির্মাণ করা হবে। সিপি-১০ প্যাকেজে স্থাপন করা হবে সিগন্যালিং ও টেলিযোগাযোগ ব্যবস্থা, প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর এবং এন্টারপ্রাইজ রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম।
সিগন্যালিং ব্যবস্থায় কমিউনিকেশন-বেজড অটোমেটিক ট্রেন কন্ট্রোল প্রযুক্তি ব্যবহার করা হবে। টেলিযোগাযোগ ব্যবস্থায় থাকবে অপটিক্যাল ফাইবারভিত্তিক নেটওয়ার্ক ও এলটিইভিত্তিক রেডিও যোগাযোগব্যবস্থা।
তিনটি নতুন মেট্রোরেল প্রকল্প অনুমোদন
গত সেপ্টেম্বরে সরকার প্রায় আড়াই লাখ কোটি টাকা ব্যয়ে তিনটি বড় মেট্রোরেল প্রকল্প অনুমোদন করে। প্রকল্পগুলো হলো এমআরটি লাইন-১, এমআরটি লাইন-৫ নর্দার্ন রুট ও এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট। এসব করিডরের মাধ্যমে ঢাকায় পূর্ব-পশ্চিম ও উত্তর-দক্ষিণমুখী গণপরিবহন নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, নতুন রুটগুলোতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্বাচল, মিরপুর, মোহাম্মদপুর, তেজগাঁও, গুলশান, বাড্ডা, আফতাবনগর ও দাশেরকান্দিসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলো যুক্ত হবে। পাশাপাশি বিদ্যমান এমআরটি লাইন-৬-এর সঙ্গে একাধিক স্থানে আন্তসংযোগ তৈরি হবে।
এমআরটি লাইন-১ দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল। পরিকল্পনা অনুযায়ী, এ রুট বিমানবন্দর, বিমানবন্দর টার্মিনাল-৩, খিলক্ষেত, নাড্ডা, নতুন বাজার, উত্তর বাড্ডা, বাড্ডা, আফতাবনগর, রামপুরা, মালিবাগ, রাজারবাগ ও কমলাপুর হয়ে চলাচল করবে।
সংশ্লিষ্টদের মতে, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ঢাকার গণপরিবহন ব্যবস্থায় পরিবর্তন আসবে। পাশাপাশি যানজট কমানো, যাতায়াতের সময় সাশ্রয় এবং নগরবাসীর যোগাযোগব্যবস্থা সহজ করার সুযোগ তৈরি হবে।
আরও পড়ুন:







