চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে আগামী সপ্তাহের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
নির্ধারিত ব্যয়ের বাইরে ২ থেকে ৩ লাখ টাকা চাহিদা
মন্ত্রী বলেন, সরকারিভাবে মালয়েশিয়ায় যেতে একজন কর্মীর অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। তবে সংশ্লিষ্টদের পক্ষ থেকে সর্বোচ্চ ২ থেকে ৩ লাখ টাকা ব্যয়ের কথা বলা হচ্ছে। নির্ধারিত সীমার মধ্যে খরচ থাকলে কর্মীদের এত ভোগান্তিতে পড়তে হতো না বলেও মন্তব্য করেন তিনি।
বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ
এদিকে সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।
এই উদ্যোগের অংশ হিসেবে প্রাথমিকভাবে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১১২ জন কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া দেশটির পর্যটন, উৎপাদন ও কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের জন্য আনুষ্ঠানিক চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।
সরকারি উদ্যোগে বিনা খরচে কর্মী পাঠানো এবং নির্ধারিত অভিবাসন ব্যয়ে নিয়োগ কার্যক্রম বাস্তবায়িত হলে মালয়েশিয়াগামী কর্মীদের আর্থিক চাপ ও ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন:







