বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৮ কার্তিক, ১৪৩৩

অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ১৪:১০

শেয়ার

অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
ছবি সংগৃহীত

অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অনলাইন গণমাধ্যমগুলোকে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনলাইন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অনাব) নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মানসম্মত সাংবাদিকতা নিশ্চিত করার তাগিদ

অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, পোর্টালের মান ঠিক না থাকলে পাঠকের আগ্রহ ও ভিউ কমে যাবে। মানসম্মত সংবাদ প্রকাশের জন্য পেশাদার সাংবাদিকদের সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

অনলাইন পোর্টালের নিবন্ধন প্রতিবছর নবায়নের ব্যবস্থা বাতিলের প্রস্তাব প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, নবায়ন ফি পাঁচ হাজার টাকা। এটি একটি টোকেন ফি, অতীতেও এ ব্যবস্থা চালু ছিল। বড় অঙ্কের ফি নির্ধারণের কোনো প্রস্তাব দেওয়া হয়নি বলেও জানান তিনি।

দাবিগুলো লিখিতভাবে দেওয়ার পরামর্শ

প্রতিমন্ত্রী বলেন, অনলাইন গণমাধ্যমের মালিকদের প্রস্তাবগুলো লিখিত আকারে দেওয়া হলে সেগুলো বিবেচনা করা সহজ হবে। বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা চলছে। অনলাইন গণমাধ্যমের পাশাপাশি পর্যায়ক্রমে কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গেও বৈঠক করা হবে।

নীতিমালা প্রণয়নের বিষয়ে তিনি জানান, সংশ্লিষ্ট উপদেষ্টাসহ সবার সঙ্গে আলোচনা করে এ উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বৈঠকে অনাবের নেতারা নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের প্রতিবছর নবায়নের শর্ত বাতিল, নিবন্ধিত পোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপনের আওতায় আনা এবং অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করাসহ বিভিন্ন দাবি জানান।