বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৮ কার্তিক, ১৪৩৩

শেখ হাসিনার ফেরার তৎপরতায় বিএনপি সরকার কি চাপে পড়েছে?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ১১:৫৬

শেয়ার

শেখ হাসিনার ফেরার তৎপরতায় বিএনপি সরকার কি চাপে পড়েছে?
ছবি সংগৃহীত

বাংলাদেশে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই বছরেরও বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন। বিএনপি সরকার গঠনের পর থেকে তিনি কয়েকবার ডিসেম্বর মাসে দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন। তাঁর এই ঘোষণা এবং দেশে ফেরার প্রস্তুতি নিয়ে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা বেড়েছে। সর্বশেষ দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন পাঠানোর খবর সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

সোমবার লন্ডনভিত্তিক একটি আইনজীবী প্রতিষ্ঠানের মাধ্যমে ইমেইলে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি পাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একটি আবেদন পাঠানো হয়। তবে আবেদনটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সরকারও এ বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শেখ হাসিনাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে জানিয়েছেন, তাঁকে বাংলাদেশ থেকে পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাসের মাধ্যমে নয়, ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

এ পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও এ-সংক্রান্ত তৎপরতা বিএনপি সরকারকে রাজনৈতিক চাপে ফেলছে কি না।

আওয়ামী লীগের তৎপরতা ও দেশে ফেরার ঘোষণা

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক মাস পর অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করে। সরকার পতনের পর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাসহ অনেক নেতাকর্মী আত্মগোপনে চলে যান। সাবেক কয়েকজন মন্ত্রী ও জ্যেষ্ঠ নেতা মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন।

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও তাঁর সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

দলটির নেতাকর্মীরা আত্মগোপনে থাকলেও বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পরও এমন কর্মসূচি দেখা গেছে। গত জুলাইয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া লিখিত সাক্ষাৎকারে শেখ হাসিনা ডিসেম্বর মাসে দেশে ফেরার কথা জানান।

এরপর থেকে তাঁর দেশে ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর তিনি কীভাবে দেশে ফিরবেন, সেটিও আলোচনায় আসে।

শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন সামনে আসার দু-এক দিন আগে থেকেই দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত শনিবার থেকে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় অর্ধশত ককটেল বিস্ফোরণ এবং ৩২টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া কামারুম মুনিরা। এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়ার কথাও জানিয়েছে পুলিশ।

তবে এসব ঘটনার সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কিংবা আওয়ামী লীগের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন করা হলে দলটির আত্মগোপনে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম সরাসরি কোনো উত্তর দেননি। তিনি বলেছেন, তিনি কোনো ককটেলের শব্দ শোনেননি। আওয়ামী লীগের ওপর দায় চাপানোর চেষ্টা করলেও তাতে দলটির প্রতি মানুষের ভালোবাসা কমেনি বলেও দাবি করেন তিনি।

এদিকে গোপালগঞ্জ, মাদারীপুরসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ ও ঝটিকা মিছিল করতে দেখা গেছে।

পাসপোর্ট-এনআইডি আবেদন নিয়ে সরকারের অবস্থান

শেখ হাসিনার পক্ষে আইনজীবীদের পাঠানো আবেদন নিয়ে শুরু থেকেই সতর্ক অবস্থান নিয়েছে বিএনপি সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আবেদনটির সত্যতা যাচাই করা হচ্ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না। তাঁকে দেশে ফেরানোর ক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তির বিষয়টি সামনে রেখেছে সরকার।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এক ব্রিফিংয়ে বলেন, মৃত্যুদণ্ডের রায়ের পর আপিলের জন্য নির্ধারিত ৩০ দিনের সময় পার হয়ে গেলেও শেখ হাসিনা আপিল করেননি। ফলে ভবিষ্যতে তাঁর আপিল করার আইনগত সুযোগ নেই। দেশে ফিরলে আপিল শুনানি ছাড়াই তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে বলেও তিনি জানান।

এমন পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে শেখ হাসিনা সত্যিই দেশে ফিরতে চান কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

আওয়ামী লীগের মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাতের দাবি, এতদিন সরকার বলে আসছিল শেখ হাসিনা দেশে ফিরলে যথাযথ আইনি প্রক্রিয়ায় তাঁর বিচার করা হবে। এখন তিনি মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে দেশে ফিরতে চাইলেও সরকার প্রয়োজনীয় সহযোগিতা করছে না।

অন্যদিকে বিএনপির নেতারা শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও এ নিয়ে আওয়ামী লীগের তৎপরতাকে রাজনৈতিক নাটক হিসেবে দেখছেন। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ দেশের মানুষকে বিভ্রান্ত করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।

রাজনৈতিক কৌশল, নাকি দেশে ফেরার বাস্তব প্রস্তুতি?

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সক্রিয় রাখার একটি কৌশল হতে পারে। একই সঙ্গে এর মাধ্যমে বিএনপি সরকারকে কিছুটা চাপে রাখার চেষ্টাও থাকতে পারে।

বিশ্লেষক মহিউদ্দিন আহমদ মনে করেন, সরকারকে চাপে রাখার পাশাপাশি আওয়ামী লীগ তাদের কর্মী-সমর্থকদের চাঙ্গা রাখতে এ ধরনের তৎপরতা চালাচ্ছে।

তবে বিএনপির ভেতরেও বিষয়টি নিয়ে ভিন্নমত রয়েছে। দলের নীতিনির্ধারকদের কেউ কেউ মনে করেন, শেখ হাসিনা বাস্তবে দেশে ফিরবেন না। বরং তাঁর ফেরার ঘোষণা দিয়ে সরকারকে চাপে রাখার কৌশল নেওয়া হয়েছে।

আবার দলের অন্য একটি অংশের প্রশ্ন, দিল্লির হাইকমিশনে পাঠানো আবেদন নিয়ে সরকারের পক্ষ থেকে এতটা গুরুত্ব দিয়ে প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন ছিল কি না।

সোমবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় নেতাকর্মী ও সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তাঁদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে রাজপথে সক্রিয় থাকার ঘোষণাও দিয়েছে বিএনপি।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বিএনপিকে চাপে ফেলেছে কি না, এমন প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, এ ঘটনায় বিএনপি চাপে পড়েনি। বরং সরকার আরও সতর্ক অবস্থানে রয়েছে। বেআইনি তৎপরতা চালানো হলে সরকার ব্যবস্থা নেবে এবং দল হিসেবেও বিএনপি সতর্ক থাকবে।

নাশকতা মোকাবিলায় সরকারের প্রস্তুতি নিয়ে প্রশ্ন

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও পাসপোর্ট-এনআইডির আবেদন নিয়ে সংসদেও আলোচনা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদী শক্তির পক্ষ থেকে কিছুদিন ধরে নানা ষড়যন্ত্র দৃশ্যমান হচ্ছে। রাজনৈতিকভাবে সচেতন মানুষ এসব তৎপরতা বুঝতে পারছেন বলেও মন্তব্য করেন তিনি।

তবে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাগুলো মোকাবিলায় সরকারের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ। তাঁর মতে, বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনাগুলো মোকাবিলায় বিএনপি সরকারকে খুব একটা গোছানো মনে হচ্ছে না। এ ধরনের নাশকতা আরও বাড়লে তা নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে।

বিশ্লেষকদের ধারণা, দেশে ফেরার ঘোষণা দিয়ে আওয়ামী লীগ একদিকে তাদের নেতাকর্মীদের সক্রিয় রাখার চেষ্টা করছে, অন্যদিকে সরকারকেও রাজনৈতিকভাবে চাপে রাখার বার্তা দিচ্ছে।

বুধবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপার থেকে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হতে পারে। সম্মিলিতভাবে তা প্রতিহত করতে জাতীয় ঐক্য প্রয়োজন।