অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পুলিশের সক্ষমতা বাড়াতে তিন মেয়াদি মহাপরিকল্পনা নিয়েছে পুলিশ সদর দপ্তর। বিগত কয়েক বছরের অপরাধের ধরন ও পরিস্থিতি বিশ্লেষণ করে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি এই পরিকল্পনা তৈরি করা হয়েছে। এরই মধ্যে পরিকল্পনার কিছু সুপারিশ বাস্তবায়নে মাঠপর্যায়ে কাজ শুরু হয়েছে।
২০২১ সাল থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত সাড়ে পাঁচ বছরের অপরাধের তথ্য ও ধরন বিশ্লেষণ করেছে পুলিশের বিশেষ কমিটি। এতে অপরাধের ধরন, অপরাধ সংঘটনের রুট ও গ্যাং সংস্কৃতিতে পরিবর্তনের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে মাঠপর্যায়ে পুলিশের মনোবল বাড়ানোর বিষয়টিও পরিকল্পনায় রাখা হয়েছে।
পরিকল্পনা বাস্তবায়নে মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), রেলওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌপুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) একসঙ্গে কাজ করছে।
এক বছরের মধ্যে ছোট অপরাধ নিয়ন্ত্রণে অগ্রাধিকার
স্বল্পমেয়াদি পরিকল্পনার মেয়াদ শূন্য থেকে এক বছর। এ সময়ে ছোটখাটো অপরাধ নিয়ন্ত্রণ, পুলিশের মনোবল বৃদ্ধি এবং অপরাধ সংঘটনের পর দ্রুত ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ ও কৌশলগত স্থান চিহ্নিত করে পুলিশি টহল ও তল্লাশি বাড়ানো হবে। এসব স্থানে সিসি ক্যামেরার নজরদারি নিশ্চিত করা হবে। অপরাধের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশের পৌঁছানোর সময় কমানোর পাশাপাশি মামলার তদন্ত দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে।
আদালতে নির্ধারিত তারিখে সাক্ষীদের উপস্থিতি বাড়ানো এবং পলাতক আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা দ্রুত কার্যকর করার পরিকল্পনা রয়েছে। ডাকাতি, দস্যুতা, অপহরণ, অবৈধ অস্ত্র ও মাদকসংক্রান্ত অপরাধে জড়িত ব্যক্তিদের তথ্যভাণ্ডার তৈরি করে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হবে।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো হবে। এ ধরনের অপরাধের শিকার ব্যক্তিদের অভিযোগ গ্রহণে দেশের থানাগুলোতে উপযুক্ত পরিবেশ তৈরি করা হবে।
কিশোর গ্যাংয়ের সদস্যদের চিহ্নিত করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কর্মসূচি নেওয়া হবে। প্রয়োজনে ফৌজদারি কার্যবিধির ১১০ ধারায় কার্যক্রম গ্রহণ এবং পুলিশ রেগুলেশনস অব বেঙ্গলের ৬২৮ বিধি অনুযায়ী গ্যাং মামলা করার উদ্যোগ রয়েছে।
অনলাইনভিত্তিক অপরাধ প্রতিরোধে সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি বাড়ানো হবে। থানার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রয়োজনীয় তথ্যসংবলিত ভিজিটর ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হবে।
এ ছাড়া থানা এলাকায় বিভিন্ন বিরোধ ও সংঘাতের তথ্য সংগ্রহ করে সম্ভাব্য অপরাধ প্রতিরোধে আগাম ব্যবস্থা নেওয়া হবে। মাদক, মানব ও অস্ত্র পাচার এবং চোরাচালানের রুট চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। অভিযান ও তল্লাশিতে স্বচ্ছতা নিশ্চিত করতে বডিওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে।
দুই বছরের মধ্যে বাড়বে প্রযুক্তিনির্ভর নজরদারি
মধ্যমেয়াদি পরিকল্পনার মেয়াদ এক থেকে দুই বছর। এ পর্যায়ে সারা দেশে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়ানোর পাশাপাশি অনলাইনে অভিযোগ দায়েরের সুবিধা সম্প্রসারণ করা হবে। জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সক্ষমতাও বাড়ানো হবে।
মামলার তদন্তে মৌখিক সাক্ষ্যের পাশাপাশি বৈজ্ঞানিক ও ফরেনসিক সাক্ষ্যের ব্যবহার বাড়ানো হবে। হত্যা, ডাকাতি, সিঁধেল চুরি, দোকানে চুরি, অপহরণ, দাঙ্গা, অগ্নিকাণ্ড, অস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করে সংঘটিত অপরাধ এবং বড় ধরনের সাইবার হামলার ঘটনাস্থল ব্যবস্থাপনায় প্রশিক্ষিত জনবল তৈরি করা হবে।
সব ধরনের মামলার তদন্ত ভাতা বাস্তবসম্মত করার পরিকল্পনাও রয়েছে। আদালতে সাক্ষীদের যথাসময়ে উপস্থিতি ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে চালু করা হবে সাক্ষী ব্যবস্থাপনা ডেস্ক। সাক্ষ্য দেওয়ার তারিখ জানাতে স্বয়ংক্রিয় বার্তা পাঠানোর ব্যবস্থা করা হবে।
মাদক মামলা তদন্ত ও প্রসিকিউশনে সহায়তা এবং সমন্বয় বাড়াতে জেলা ও মেট্রোপলিটন পর্যায়ে মাদক প্রতিরোধ সেল গঠন করা হবে। অজ্ঞাতপরিচয় মরদেহ দ্রুত ও নির্ভুলভাবে শনাক্ত করতে উন্নত প্রযুক্তিনির্ভর পদ্ধতি ও সমন্বিত তথ্যভাণ্ডার তৈরি করা হবে।
সাইবার অপরাধ শনাক্ত, প্রতিরোধ ও তদন্তের সক্ষমতা বাড়াতে প্রতিটি জেলা ও মেট্রোপলিটন পুলিশের অধীনে প্রশিক্ষিত জনবল নিয়ে সাইবার ক্রাইম ইউনিট গঠন করা হবে। থানায় সেবাপ্রত্যাশীদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় সুবিধাসহ অপেক্ষাকক্ষ চালু করা হবে। পাশাপাশি এলাকাভিত্তিক অপরাধের তথ্য বিশ্লেষণ করে তৈরি করা হবে ক্রাইম ইনডেক্স।
পাঁচ বছরের পরিকল্পনায় এআই ও তদন্তের ডিজিটাল ব্যবস্থা
দীর্ঘমেয়াদি পরিকল্পনার মেয়াদ দুই থেকে পাঁচ বছর। এ পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। এসব ক্যামেরার মাধ্যমে সম্ভাব্য অপরাধস্থল চিহ্নিত করে প্রয়োজনীয় সরঞ্জামসহ সেখানে পুলিশের উপস্থিতি নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
মামলার তদন্তপ্রক্রিয়া ডিজিটালাইজেশনের মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা বাড়ানো হবে। থানার কার্যক্রম ও তদন্তের জন্য পর্যাপ্ত কম্পিউটার সরবরাহ করা হবে। সব জেলা ও মেট্রোপলিটন ইউনিটে ক্রাইমসিন ভ্যান এবং প্রশিক্ষিত জনবল দিয়ে অপরাধস্থল ব্যবস্থাপনা ও তদন্তের সক্ষমতা বাড়ানো হবে।
আলামত সংরক্ষণের জন্য নিরাপদ স্থান নিশ্চিত করে থানার মালখানা ব্যবস্থাপনা আধুনিক করা হবে। তদন্তকারী কর্মকর্তা ও বিট অফিসারদের কাজ তদারকিতে সারা দেশে চালু করা হবে ক্রাইম ইনভেস্টিগেশন ডিজিটাল মনিটরিং সিস্টেম (সিআইডিএমএস)।
মামলার তদন্ত ও অপারেশনাল কার্যক্রম পরিচালনায় থানার জনবলকে অপারেশন ও তদন্ত শাখায় ভাগ করা হবে। থানা এলাকার জনসংখ্যা ও অপরাধের ধরন বিবেচনায় প্রয়োজনীয় জনবল নিয়োগ বা পদায়নের ব্যবস্থা করা হবে। টহল ও দ্রুত সাড়াদানের জন্য পর্যাপ্ত যানবাহন সরবরাহ করা হবে। এ ছাড়া ময়নাতদন্তের জন্য মরদেহ পরিবহনে প্রতিটি থানা ও মেট্রোপলিটন পুলিশ ইউনিটে ফ্রিজিং ভ্যান দেওয়ার পরিকল্পনা রয়েছে।
পরিকল্পনার বাইরে বিশেষ গুরুত্ব পাচ্ছে যেসব অপরাধ
তিন মেয়াদি পরিকল্পনার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে আরও কয়েকটি বিষয়ে গুরুত্ব দিচ্ছে পুলিশ সদর দপ্তর। এর মধ্যে রয়েছে পুলিশের সাড়াদানের সময় কমিয়ে ভুক্তভোগীদের দ্রুত সুরক্ষা এবং অভিযুক্তদের গ্রেপ্তার নিশ্চিত করা।
অভ্যাসগত অপরাধীদের তথ্যভাণ্ডার তৈরি করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান চালানো হবে। গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের হার বাড়িয়ে পলাতক আসামিদের দ্রুত আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। দেশের সব থানায় অনলাইনে অভিযোগ দায়েরের সুবিধা সম্প্রসারণের পাশাপাশি অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা ও তদন্তের প্রয়োজনে থানার জনবল পুনর্বিন্যাস করা হবে।
সাইবার অপরাধসহ প্রযুক্তিনির্ভর অপরাধ প্রতিরোধ ও শনাক্তে প্রয়োজনীয় প্রযুক্তি, প্রশিক্ষণ এবং সক্ষমতা বাড়ানো হবে। নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে উপযুক্ত পরিবেশ তৈরি, সাক্ষীদের ভোগান্তি কমানো এবং শিশু-কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে সচেতনতামূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ছিনতাই বা পকেটমারের মাধ্যমে চুরি হওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের প্রবণতা ঠেকাতে সংশ্লিষ্ট ব্যক্তি ও চক্রকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই প্রতিরোধে সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনাও রয়েছে।
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক খোন্দকার রফিকুল ইসলাম বলেন, যেসব সুপারিশ দ্রুত বাস্তবায়ন করা সম্ভব, সেগুলোর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। কিছু সুপারিশ বাস্তবায়নে অর্থের প্রয়োজন হচ্ছে। সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
আরও পড়ুন:







