বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৮ কার্তিক, ১৪৩৩

বড় ছাড়ে থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপানি কনসোর্টিয়াম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ০৭:৪২

শেয়ার

বড় ছাড়ে থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপানি কনসোর্টিয়াম
ছবি সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাচ্ছে জাপানি কনসোর্টিয়াম। এ সংক্রান্ত অপারেশন ও মেইনটেন্যান্স (ওঅ্যান্ডএম) চুক্তির প্রস্তাব অনুমোদন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পরিচালনা পর্ষদ। একই সঙ্গে ক্রয় প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত কয়েকটি শর্তে বড় ধরনের ছাড় দেওয়ায় জাতীয় স্বার্থ, রাজস্ব আয় এবং রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্বার্থ নিয়ে প্রশ্ন উঠেছে।

গত মঙ্গলবার বেবিচকের বোর্ড সভায় জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত শর্তাবলি পর্যালোচনা করে এ অনুমোদন দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের সিকিউরিপোর্ট, যুক্তরাজ্যের মেনজিস এভিয়েশন, সুইজারল্যান্ডের সুইসপোর্ট, তুরস্কের সেলেবি এভিয়েশন, সংযুক্ত আরব আমিরাতের ডনাটা এবং সিঙ্গাপুরের স্যাটসকে পেছনে ফেলে দায়িত্ব পাওয়ার প্রক্রিয়ায় এগিয়ে রয়েছে জাপানি কনসোর্টিয়াম।

চারটি শর্ত নিয়ে মতবিরোধ

বেবিচক সূত্র জানায়, জাপানি কনসোর্টিয়ামের দেওয়া চারটি শর্ত নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছিল। এর মধ্যে প্রথমটি হলো, থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সার্বিক দায়িত্ব ও ঝুঁকি বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে বহন করতে হবে। তবে এ কাজের বিপরীতে বিমান আয় থেকে কোনো অংশ পাবে কি না, সে বিষয়ে সরকারকে নিশ্চয়তা দিতে হবে।

দ্বিতীয় শর্তটি রাজস্ব ভাগাভাগি নিয়ে। পূর্বনির্ধারিত চুক্তি অনুযায়ী, বিদেশি পক্ষের বাংলাদেশকে ২৭ শতাংশ রাজস্ব দেওয়ার কথা। তবে অপারেশনাল প্রস্তুতি পর্বের আট মাস, অর্থাৎ ওপিসিটি চলাকালে, জাপানি কনসোর্টিয়াম মাত্র সাড়ে ১৩ শতাংশ রাজস্ব দেওয়ার প্রস্তাব করেছে। এতে নির্ধারিত হারের তুলনায় রাজস্ব কম পাওয়ার বিষয়টি সামনে এসেছে।

তৃতীয় শর্তে আইনি সুরক্ষা ও দায়মুক্তি চেয়েছে জাপানি পক্ষ। বাংলাদেশ জানিয়েছে, বিদেশি বিনিয়োগকারী বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের জন্য সরকার সাধারণ কোনো আইন প্রণয়ন কিংবা বিদ্যমান আইন পরিবর্তন করলে তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে জাপানি পক্ষের অবস্থান, দেশের সাধারণ আইনি পরিবর্তন তাদের ওপর প্রয়োগ করা যাবে না। এ ক্ষেত্রে বিশেষ আইনি সুরক্ষা ও দায়মুক্তি দিতে হবে।

চতুর্থ শর্তটি প্রকল্পের ত্রুটি শনাক্ত ও সংশোধনের নির্ধারিত সময়সীমা বা ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড (ডিএলপি) নিয়ে। এ সময়সীমা ১২ মাস নির্ধারণ করা হয়েছে।

প্রথম ও দ্বিতীয় টার্মিনাল বন্ধ রাখার শর্তেও আপত্তি

থার্ড টার্মিনাল চালু হলে প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ রাখার শর্তেও সম্মত হয়েছে বেবিচক। পাশাপাশি শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে আগামী ১৫ বছর কোনো প্রতিযোগী বেসামরিক বিমানবন্দরের বাণিজ্যিক কার্যক্রম চালু না করার শর্ত রয়েছে।

এ নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সমালোচনা হয়। বৈঠকে প্রশ্ন তোলা হয়, হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রথম ও দ্বিতীয় টার্মিনালের কার্যক্রম বন্ধ রাখা হলে সেগুলোর অবকাঠামো ও সক্ষমতা কীভাবে কাজে লাগানো হবে। বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে একাধিক অপারেটরের মাধ্যমে পৃথক টার্মিনাল পরিচালনার নজিরও আলোচনায় আসে।

বেবিচকের নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দেশের স্বার্থবিরোধী একটি চুক্তি করা হচ্ছে। থার্ড টার্মিনাল চালু হলে প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ রাখার মতো শর্ত মেনে নেওয়ার পরিবর্তে বেবিচকের অর্গানোগ্রাম সংশোধন করে জনবল বাড়ানো যেত। এতে বেবিচক নিজেই টার্মিনাল পরিচালনা করে রাজস্ব আয় করতে পারত। বর্তমান ব্যবস্থায় জাপানই লাভবান হবে।

ওই কর্মকর্তা জানান, বর্তমানে শাহজালাল বিমানবন্দরের প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে বছরে প্রায় ৮০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে। অথচ বাস্তবে এ দুই টার্মিনাল দিয়ে বছরে ১ কোটি ২৬ লাখের বেশি যাত্রী সেবা নিচ্ছেন। তৃতীয় টার্মিনাল চালু হলে অতিরিক্ত ১ কোটি ২০ লাখ যাত্রী ব্যবস্থাপনার সক্ষমতা তৈরি হবে। তাঁর মতে, চুক্তির স্পর্শকাতর শর্তগুলো পুনরায় পর্যালোচনা করা প্রয়োজন।

চুক্তির অনুমোদন প্রক্রিয়া এগিয়েছে

বেবিচকের বোর্ড সভায় ওঅ্যান্ডএম চুক্তির প্রস্তাব অনুমোদনের পর ক্রয় প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর সঙ্গে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের স্বাক্ষরিত দুটি প্রত্যয়নপত্র সংযুক্ত করা হয়েছে। এতে ক্রয় প্রক্রিয়ায় প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয়ের অনুমোদন ও পরবর্তী আনুষ্ঠানিকতা শেষ হলে চুক্তি সম্পাদনের বিষয়টি চূড়ান্ত হবে।

১৬ ডিসেম্বর চালুর লক্ষ্য

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে সীমিত পরিসরে থার্ড টার্মিনালের কার্যক্রম চালুর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ জন্য পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব হস্তান্তরসহ প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

অন্যদিকে, টার্মিনালটির গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ লক্ষ্যে সংস্থাটির গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস প্রোভাইডার (জিএইচএসপি) লাইসেন্সের কার্যপরিধি সম্প্রসারণ করে থার্ড টার্মিনালকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

২২ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে নির্মাণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালের ৩০ ডিসেম্বর। ২০২৩ সালের ৭ অক্টোবর টার্মিনালটির আংশিক উদ্বোধন করা হয়।

২০১৭ সালের ২৪ অক্টোবর প্রকল্পের শুরুতে একনেক এর ব্যয় অনুমোদন করে ১৩ হাজার ৬১০ কোটি টাকা। পরে নকশা পরিবর্তন ও কাজের পরিধি বাড়ায় দ্বিতীয় সংশোধনীতে ব্যয় বেড়ে দাঁড়ায় ২১ হাজার ৩৬৫ কোটি টাকা। ২০২৬ সালের ২৯ সেপ্টেম্বর একনেকের তৃতীয় সংশোধনীতে আরও ৮৪৭ কোটি ৫৮ লাখ টাকা ব্যয় বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়। এতে প্রকল্পের মোট ব্যয় দাঁড়ায় ২২ হাজার ২১৩ কোটি টাকা।



আরও পড়ুন: