মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে শ্রীমঙ্গল থানায় মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ। এতে নিষিদ্ধ ছাত্রলীগের শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে। ঘটনার ২৪ ঘণ্টা পার হতে চললেও আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলার এজাহার থেকে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে এ হামলার ঘটনা ঘটে। হাসিব আল ইসলাম স্ত্রীকে নিয়ে শ্রীমঙ্গলে বেড়াতে গিয়েছিলেন। হাবিবুর রহমান ওরফে হাবিব এবং অজ্ঞাতনামা আরও ১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে তাদের পথরোধ করেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে বলা হয়, হামলাকারীরা হাসিবকে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যা দেন। একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে লোহার রড ও চাপাতি দিয়ে আঘাত করেন তারা। এতে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শ্রীমঙ্গল থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। পরে মামলা রেকর্ড করা হয়। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন মৌলভীবাজার জেলা এনসিপির আহ্বায়ক খালেদ হাসান, শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক দেওয়ান কয়েস আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক ইয়াসিন তালুকদার।
এদিকে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে অটোরিকশায় থাকা হাসিবকে লক্ষ্য করে এক ব্যক্তিকে ‘জুলাই জঙ্গি’ বলে চিৎকার করতে দেখা যায়। পরে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলার দৃশ্যও দেখা যায়।
আরও পড়ুন:







