মঙ্গলবার

১০ নভেম্বর, ২০২৬ ২৬ কার্তিক, ১৪৩৩

থামছেই না পরীমণির বেপরোয়া অধ্যায়!

নিজস্ব প্রতিবেদক বাংলা এডিশন

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ২১:৪৮

শেয়ার

থামছেই না পরীমণির বেপরোয়া অধ্যায়!
ছবি সংগৃহীত

ঢাকা বোট ক্লাব থেকে শুরু করে গুলশানের অল কমিউনিটি ক্লাব। কখনো ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের সঙ্গে হামলা ও পাল্টাপাল্টি মামলার বিতর্ক, কখনো পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ, আবার কখনো পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েনের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও প্রকাশ। সর্বশেষ আদালত প্রাঙ্গণে সাংবাদিককে অশ্লীল ভাষায় গালাগালি, এমনকি গায়ে হাত তোলার অভিযোগ। বিতর্ক আর পরীমণি যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ।

আদালতে আত্মসমর্পণ ও নতুন বিতর্ক

৫ নভেম্বর বৃহস্পতিবার (৫ নভেম্বর) বোট ক্লাবকেন্দ্রিক মামলায় আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন পরীমণি। পরে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত ৫০০ টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করে। তবে, আদালত প্রাঙ্গণ থেকে ফেরার সময় নতুন করে বিতর্কে জড়ান এই অভিনেত্রী। দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজুর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে তাঁকে প্রকাশ্যেই অশ্লীল ভাষায় গালিগালাজ করেন পরীমণি।

বোট ক্লাব মামলার সূত্রপাত

ঘটনার সূত্রপাত ২০২১ সালে। ঢাকা বোট ক্লাবের তৎকালীন নির্বাহী সদস্য ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ এবং আরও কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা করেন পরীমণি। তাঁর অভিযোগ, নাসির উদ্দিন মাহমুদ তাঁকে মদ্যপানের জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় তাঁকে শারীরিকভাবে হেনস্তা ও ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করেন পরীমণি। এ সময় তাঁর সঙ্গে থাকা কস্টিউম ডিজাইনার জিমিকেও মারধর করার অভিযোগ করা হয়।

২০২১ সালের ওই ঘটনা শোবিজ অঙ্গন থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনেও জন্ম দেয় তুমুল বিতর্কের। সেই বিতর্কের রেশ আজও কাটেনি। পরীমণির অভিযোগ ছিল, নাসির উদ্দিন মাহমুদ তাঁকে জোর করে মদ্যপান করানোর চেষ্টা করেন। তবে প্রকাশিত সিসিটিভি ফুটেজে তাঁকে স্বেচ্ছায় ক্লাবে প্রবেশ করতে দেখা যায়। এমনকি বিদেশি মদের বোতল নিয়ে বিরোধের জেরেই নাসির উদ্দিনের সঙ্গে অসদাচরণ ও ক্লাবে ভাঙচুর করা হয় বলে পরীমণির বিরুদ্ধে অভিযোগ ওঠে। একটি ভিডিওতেও নাসির উদ্দিনের সঙ্গে পরীমণিকে চরম দুর্ব্যবহার করতে দেখা যায়।

পাল্টা মামলা ও তদন্ত

পরবর্তীতে ২০২২ সালে ঢাকার আদালতে চিত্রনায়িকা পরীমণি ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে পাল্টা মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। মামলায় পরীমণির বিরুদ্ধে তাঁকে মারধর, ক্লাবে ভাঙচুর এবং প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ আনা হয়। সে সময় আদালতের নির্দেশে তদন্তে নামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই। পরে, ২০২৪ সালে তদন্ত প্রতিবেদন জমা দিয়ে পরীমণির বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানায় সংস্থাটি।

অপরদিকে, ২০২৫ সালের ২৬ জানুয়ারি পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত বিচার শুরুর নির্দেশ দেয়। এরই ধারাবাহিকতায় গত ৪ নভেম্বর মামলায় হাজির না হওয়ায় পরীমণির জামিন বাতিল করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরদিন আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে ৫০০ টাকা মুচলেকায় জামিন দেয়া হয়। কিন্তু সেদিন আদালত প্রাঙ্গণেই সাংবাদিকদের অশ্লীল ভাষায় গালাগালি করতে দেখা যায় পরীমণিকে। এমনকি সাংবাদিকদের মারধরের অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে।

এছাড়াও, সমকালের সেই মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজুর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন পরীমণি। তবে ঘটনার বিষয়ে ওই সাংবাদিকের নিজের বক্তব্যে উঠে আসে ভিন্ন তথ্য।

গুলশানে আবার উত্তেজনা

এদিকে, ৮ নভেম্বর রবিবার (৮ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানের একটি অভিজাত ক্লাবে আয়োজিত ওয়েডিং কার্নিভাল নামের ফ্যাশন শোতে ফের সাংবাদিকদের সঙ্গে উত্তেজনায় জড়িয়ে পড়েন বিতর্কিত এই অভিনেত্রী। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা তাঁকে উদ্দেশ করে ভুয়া, ভুয়া স্লোগান দিলে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের উদ্দেশে অশালীন ভঙ্গিতে মধ্যমা আঙুল প্রদর্শন করেন পরীমণি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আবারও নেটিজেনদের তোপের মুখে পড়েন ঢাকাই চলচ্চিত্রের এই সমালোচিত মুখ।

আরও বিতর্কিত ঘটনা

তবে, পরীমণিকে ঘিরে বিতর্কের অধ্যায় কেবল এখানেই সীমাবদ্ধ নয়। এর আগেও সামনে এসেছে এমন আরও বহু ঘটনা। ২০২১ সালের ৭ জুন, বোট ক্লাবকাণ্ডের ঠিক আগের দিনের ঘটনা। গভীর রাতে এক পুরুষ ও এক নারী সঙ্গীকে নিয়ে গুলশানের অল কমিউনিটি ক্লাবে প্রবেশ করতে দেখা যায় পরীমণিকে। সে সময় ক্লাব বন্ধ করে দেয়া হবে জানিয়ে তাঁকে ক্লাব ত্যাগের অনুরোধ করা হলে ক্লাবে ভাঙচুর করেন বলে অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

এছাড়াও ২০২১ সালে ঢাকা বোট ক্লাবকাণ্ডে পরীমণির করা মামলার তদন্তের দায়িত্বে থাকা ডিবির তৎকালীন কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলের সঙ্গে তাঁর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়া ঘিরেও তৈরি হয় নানা বিতর্ক।

ডিবির সেই কর্মকর্তা গোলাম সাকলায়েনের সঙ্গে সম্পর্কের অভিযোগের পাশাপাশি পুলিশের সাবেক মহাপরিদর্শক বা আইজিপি বেনজীর আহমেদের সঙ্গেও পরীমণির ঘনিষ্ঠতার অভিযোগ সামনে আসে। জানা যায়, ২০২১ সালে ঢাকা বোট ক্লাবের সভাপতি ছিলেন বেনজীর আহমেদ। পরীমণির সঙ্গে বেনজীরের ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণেই ক্লাবে এমন উচ্ছৃঙ্খল ঘটনা ঘটিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

ওই বছরেই রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র‍্যাব। সেখান থেকে বিদেশি মদ, ইয়াবা, এলএসডি ও আইস উদ্ধার করা হয়। এ ঘটনায় পরীমণিকে গ্রেপ্তারের পর কয়েক দফা রিমান্ড শেষে কারাগারেও পাঠানো হয়।

সাংবাদিকদের প্রতিবাদ

এদিকে পরীমণির এসব বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যেই ফুঁসে উঠেছে বিভিন্ন সাংবাদিক সংগঠন। ৬ নভেম্বর শুক্রবার (৬ নভেম্বর) সাংবাদিক হেনস্তার প্রতিবাদে পরীমণির বিচারের দাবিতে মানববন্ধন করে মাল্টিমিডিয়া রিপোর্টার্স কাউন্সিল। সেখানে পরীমণির বিচারের দাবির পাশাপাশি তাঁর আয়ের উৎস নিয়েও প্রশ্ন তোলে অনেকে।

একই সঙ্গে এ সময় চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে পরীমণির ছবিতে জুতা নিক্ষেপের কর্মসূচিও পালন করা হয়।

বারবার বিতর্কে জড়ানো, একের পর এক অভিযোগ, মামলা, কারাবাস কিংবা সাংবাদিক হেনস্তা—সব মিলিয়ে পরীমণিকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। পর্দার ঝলমলে আলো ছাপিয়ে একের পর এক ঘটনায় সামনে আসছে তাঁর ব্যক্তিগত আচরণ, আইনের প্রতি দায়বদ্ধতা এবং জনপরিসরে দায়িত্বশীলতার প্রশ্ন। এই অবস্থায়, অনেকেই পরীমণির সংবাদ কাভারেজ বন্ধে, মিডিয়া হাউজগুলোকে কার্যকরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে। সবমিলিয়ে, পরীমণির এসব বিতর্কিত কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে প্রয়োজন স্থায়ী ও কার্যকর পদক্ষেপ—এমনটাই মনে করছে সংশ্লিষ্টরা।