ঠিকাদার খুশি হয়ে লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষের মধ্যে পড়বে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে উপজেলা সহকারী প্রকৌশলীদের নবীন বরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
মীর শাহে আলম বলেন, ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন।
তিনি আরও বলেন, তবে এর অর্থ এই নয় যে কাজের মান খারাপ করে বা ১০ লাখ টাকা সাশ্রয় করে ৫ লাখ টাকা নিজেরা ভাগাভাগি করার মতো অসদুপায়ে যাওয়া যাবে না। এসময় তিনি প্রকৌশলীদের মধ্যে দেশপ্রেম ও সততা বজায় রাখার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, এলজিইডির কাজের মান নিয়ে নানা সমালোচনা রয়েছে। অতীতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, স্লাব বা কার্পেটিং উঠে যাওয়া এবং পলেস্তারা খুলে পড়ার মতো ঘটনা দেখা গেছে. বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে কয়েক দফা বৈঠক করা হয়েছে এবং কাজের গুণগত মান নিশ্চিত করার ওপর জোর দেয়া হচ্ছে।
আরও পড়ুন:







