স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাতের অন্ধকারে পরিত্যক্ত বাস কিংবা চালক-হেলপারবিহীন দু-একটি গাড়িতে আগুন দেওয়ার বিচ্ছিন্ন ঘটনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে গেছে, এমন সিদ্ধান্তে পৌঁছানো যৌক্তিক নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বা অবনতি বিচার করতে হলে আগের বছরের একই সময়ের অপরাধের পরিসংখ্যানের সঙ্গে তুলনা করতে হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।
ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় ব্যবস্থা
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন ও নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে। সারা দেশে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে কয়েকজনকে হাতেনাতে আটক করা হয়েছে।
ঢাকার সিএমএম আদালত এলাকার একটি ঘটনায় তিনজনের মধ্যে দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একজন পালিয়ে যেতে সক্ষম হয়েছেন বলে জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি এলাকায় একটি গাড়ির ছাদে ককটেল বিস্ফোরণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ ধরনের একটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছানো যায় না।
তিনি বলেন, রাতের অন্ধকারে বা ভোরে কোথাও পরিত্যক্ত বাস কিংবা চালক-হেলপারবিহীন গাড়িতে আগুন দেওয়া হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না। দু-একটি প্রতীকী ঘটনা একত্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ হয়ে গেছে, এমন দাবি যৌক্তিক নয়।
ষড়যন্ত্রের অভিযোগ, তদন্তের আশ্বাস
বিরোধীদলীয় নেতা ও চিফ হুইপের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতা সরকারের ব্যর্থতার কথা বলেছেন এবং বিরোধী দল হিসেবে দায়িত্ব পালনের আগ্রহ প্রকাশ করেছেন। বিরোধী দলের সক্রিয় ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, সরকারও তাদের সহযোগিতা চায়। অতীতেও বিরোধী দলের কাছ থেকে সহযোগিতা পাওয়া গেছে।
তবে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদী শক্তির পক্ষ থেকে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, দেশের অভ্যন্তরে আত্মগোপনে থাকা ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এর পেছনে সীমান্তের ওপার থেকে ইন্ধন রয়েছে কি না, সেখানে আশ্রয় নেওয়া ব্যক্তিরা কীভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন এবং দেশের ভেতরে কারা সহযোগিতা করছেন, সেসব বিষয় সরকার খতিয়ে দেখছে।
বিরোধীদলীয় নেতা গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে একজন সংসদ সদস্যকে ফোন করে দল ছাড়ার পরামর্শ দেওয়ার অভিযোগ তুলেছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট ফোন নম্বর ও কী ধরনের বার্তা দেওয়া হয়েছে, তা জানালে সরকার তদন্ত করবে।
শিল্পাঞ্চলে অস্থিরতা ঠেকাতে নিরাপত্তা জোরদার
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের প্রধান রফতানি খাত তৈরি পোশাকশিল্পে অস্থিরতা ও অরাজকতা সৃষ্টির জন্য দেশের বাইরে থেকে নীলনকশা করা হয়েছে। এর পেছনে দেশের ভেতরেও বিনিয়োগ করা হয়েছে বলে সরকার মনে করে। তবে সরকার সেই প্রচেষ্টা নস্যাৎ করেছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। তারা অতিরিক্ত বল প্রয়োগ করেনি। বরং বাহিনীর সদস্যরা নিজেরাই আহত হয়েছেন। তাদের এমনভাবে উসকানি দেওয়া হয়েছিল, যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং সেটিকে কেন্দ্র করে নতুন করে অস্থিতিশীলতা তৈরির সুযোগ সৃষ্টি হয়। সরকার সচেতনভাবে সেই সুযোগ দেয়নি।
শিল্পাঞ্চলের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের কয়েকটি এলাকায় শিল্পকারখানা রয়েছে। এসব এলাকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নিয়মিত পুলিশ, বিজিবি ও অন্যান্য বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। শিল্পকারখানার উৎপাদন ও রফতানি সচল রাখা এবং শ্রমিকদের কর্মসংস্থান বজায় রাখতে সরকার কাজ করছে।
শিল্প মালিক, শ্রমিক সংগঠন ও বিভিন্ন ফেডারেশনের নেতাদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে জানিয়ে তিনি বলেন, তাঁরা সবাই সহযোগিতা করছেন। তবে কিছু দুষ্কৃতকারী ও পতিত ফ্যাসিবাদের দোসর শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির চেষ্টা করেছে। কয়েকজন শিল্প মালিকের সহযোগিতাও তারা পেয়েছে বলে সরকার লক্ষ্য করেছে। তবে সেই চেষ্টা সফল হয়নি।
শিল্প মালিক, বিনিয়োগকারী ও আন্তর্জাতিক ক্রেতাদের আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না। এমন চেষ্টা হলে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হাতে তা দমন করবে। দেশে বিনিয়োগের পরিবেশ শতভাগ বজায় থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
হত্যাকাণ্ডের সংখ্যা কমেছে বলে দাবি
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বা অবনতি মূল্যায়নে আগের বছরের একই সময়ের পরিসংখ্যান বিবেচনার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদে দেখানো সংবাদপত্রের প্রতিবেদনে ২ হাজার ৯২৯টি হত্যাকাণ্ডের কথা উল্লেখ করা হয়েছে। সংখ্যাটি ২ হাজার ৯৩৮ হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
তবে পুলিশের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে হত্যাকাণ্ডের সংখ্যা প্রায় ৩০০টি কমেছে বলে দাবি করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নতি ও অবনতি আপেক্ষিক বিষয়। আগের বছরের তুলনায় পরিস্থিতির অবনতি হয়েছে কি না, তা নির্ধারণ করতে হলে দুই বছরের একই সময়ের পরিসংখ্যান তুলনা করতে হবে। একই পরিসংখ্যানে গত বছরের তুলনায় এবার প্রায় ৩০০টি হত্যাকাণ্ড কম দেখা যাচ্ছে। সেটি উন্নতি না অবনতি, তা বিবেচনা করা প্রয়োজন।
এ বিষয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত আগামীকাল সংসদে ৩০০ বিধিতে উপস্থাপন করবেন বলে জানান তিনি। পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বক্তব্য দেবেন, যাতে যে কেউ তথ্যের সত্যতা যাচাই করতে পারেন।
বক্তব্যের শেষ পর্যায়ে দেশবাসীকে আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরে, সীমান্তের বাইরে কিংবা সম্মিলিতভাবে কোনো ষড়যন্ত্র বা নীলনকশা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিবাদের পতন হয়েছে। কেউ সেটি ফিরিয়ে আনার মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করলে সরকার সেই ষড়যন্ত্র উন্মোচন করবে।
আরও পড়ুন:







