দেশে চলমান নাশকতা, গুপ্ত হামলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশে চলমান অরাজকতা ও গুপ্ত হামলা মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
মঙ্গলবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বক্তব্য দেয়ার সময় নাহিদ ইসলাম এসব কথা বলেন।
সংসদে তিনি বলেন, গত দুই দিন ধরে দেশে নজিরবিহীন সন্ত্রাস, অরাজকতা ও নাশকতা চলছে। পতিত ফ্যাসিস্ট শক্তি বিভিন্ন স্থানে গুপ্ত হামলা চালাচ্ছে, বাসে আগুন দেয়া হচ্ছে এবং এতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। মৌলভীবাজারে জাতীয় ছাত্রশক্তির সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর গুপ্ত হামলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ এবং বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা তুলে ধরে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।
আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার তীব্র সমালোচনা করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যে ব্যর্থ, তা গত সাত মাস ধরেই স্পষ্ট। সংশ্লিষ্ট মন্ত্রীকে সংবিধান সংশোধনে যতটা তৎপর দেখা যায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ততটা তৎপর দেখা যায় না। এমনকি কার্যক্রম নিষিদ্ধ থাকা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যরা দেশে এসে কর্মসূচি পালন করে নির্বিঘ্নে বিদেশে চলে যাওয়ার সুযোগ পাচ্ছে বলেও তিনি অভিযোগ তোলেন।
তিনি আরও বলেন, সংসদের প্রশ্নোত্তর পর্বে দীর্ঘ সময় অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা হলেও দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো স্পষ্ট বক্তব্য নেই। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, গোয়েন্দা তৎপরতা এবং ভারতের সঙ্গে কূটনৈতিক পদক্ষেপের ক্ষেত্রে সরকারের ব্যর্থতার বিষয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর আনুষ্ঠানিক বিবৃতি ও সুস্পষ্ট পদক্ষেপ দাবি করেন তিনি।
আরও পড়ুন:







