আদালতের রায় ও আইনি প্রক্রিয়া শেষে সাড়ে চার বছর পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরিতে পুনর্বহাল হয়েছেন উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। একই সঙ্গে তিনি পূর্ববর্তী জ্যেষ্ঠতা, বকেয়া বেতন-ভাতা ও বিধি অনুযায়ী প্রাপ্য অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। মঙ্গলবার (১০ নভেম্বর) দুদকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানানো হয়।
আবেদন পর্যালোচনা করে অপসারণের আদেশ প্রত্যাহার
শরীফ উদ্দিন গত ২৫ অক্টোবর আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে চাকরিতে পুনর্বহালের আবেদন করেন। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত কমিশনের ১৩/২০২৬ নম্বর সভায় তার আবেদন পর্যালোচনা করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, চাকরি থেকে অপসারণের আগের আদেশ প্রত্যাহার করে তাকে পুনর্বহালের আদেশ জারি করে দুদকের প্রধান কার্যালয়।
বিধি অনুযায়ী, তিনি পূর্ববর্তী জ্যেষ্ঠতা, বকেয়া বেতন-ভাতা এবং প্রাপ্য অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। আদেশ জারির তারিখ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
গত ২৯ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদকের করা লিভ টু আপিল প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন। এর মধ্য দিয়ে শরীফ উদ্দিনের চাকরিতে ফেরার আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়।
২০২২ সালে চাকরি থেকে অপসারণ
২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদকের তৎকালীন পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) বিধিমালা, ২০০৮-এর ৫৪(২) বিধি অনুযায়ী চাকরি থেকে অপসারণ করা হয়।
এর আগে চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত থাকাকালে সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলার সুপারিশ করায় তিনি আলোচনায় আসেন। এ সময় প্রাণনাশের হুমকি পাওয়ার কথা জানিয়ে তিনি সাধারণ ডায়েরিও করেছিলেন।
হাইকোর্টের রায়ে পুনর্বহালের নির্দেশ
চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন শরীফ উদ্দিন। দীর্ঘ শুনানি শেষে ২০২৪ সালের ৯ জুলাই হাইকোর্ট তার চাকরিচ্যুতির আদেশকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে বাতিল করেন। একই সঙ্গে জ্যেষ্ঠতা ও বকেয়া সুযোগ-সুবিধাসহ তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদক লিভ টু আপিল করেছিল। তবে পরবর্তী সময়ে কমিশন ওই আপিল আর পরিচালনা না করার সিদ্ধান্ত নেয়। গত ১৫ অক্টোবর নট টু প্রসিড হিসেবে তা খারিজ হয়। পরে ২৯ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত প্রত্যাহারের আবেদন মঞ্জুর করলে শরীফ উদ্দিনের চাকরিতে ফেরার ক্ষেত্রে আইনি বাধা দূর হয়।
আরও পড়ুন:







