মঙ্গলবার

১০ নভেম্বর, ২০২৬ ২৬ কার্তিক, ১৪৩৩

আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ১৭:৫৭

শেয়ার

আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলটির সাবেক বা বর্তমান নেতাকর্মীদের সবার সভা-সমাবেশ করার ওপর নিষেধাজ্ঞা নেই। কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা না থাকলে, তিনি কারাগারে না থাকলে কিংবা জামিনে থাকলে অন্য ধরনের সভা-সমাবেশ করতে পারবেন। তবে আওয়ামী লীগের ব্যানারে দলীয় কর্মসূচি পালন করা হলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতির বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।

লন্ডন থেকে দেশে ফিরে আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের নিজ নির্বাচনি এলাকায় সভা করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কি না, তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) বিচারাধীন। এর আগ পর্যন্ত ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীর মাধ্যমে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা দলটির ব্যানারে কোনো সভা-সমাবেশ বা মিছিল করতে পারবেন না। এ বিষয়টি স্পষ্ট।

তবে ব্যক্তিগতভাবে কারও সভা-সমাবেশ করার ক্ষেত্রে ফৌজদারি মামলার অবস্থা, কারাগারে থাকা কিংবা জামিনে থাকার বিষয়গুলো বিবেচনায় নে য়া হবে।

আওয়ামী লীগের কোনো ব্যক্তি যিনি আওয়ামী লীগ করেছেন, দলে ছিলেন, তার নামে যদি কোনো ফৌজদারি অপরাধ না থাকে, তিনি যদি জেলে না গিয়ে থাকেন অথবা তিনি যদি জামিনে থাকেন, তিনি অন্য কোনো ধরনের সভা বা সমাবেশ করতে পারবেন না, তা কিন্তু নয়- বলেন জাহেদ উর রহমান।

ওই সভায় আওয়ামী লীগের ব্যানার ও প্যান্ডেল ছিল বলে সাংবাদিকরা জানালে জাহেদ উর রহমান বলেন, এটা যদি হয়, এটা অবশ্যই আইন ভঙ্গ হয়েছে এবং আমি নিশ্চিত করছি এটার ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

এ সময় লন্ডন থেকে ওই সাবেক সংসদ সদস্যের দেশে আসা এবং তার বিরুদ্ধে মামলা থাকলে বিদেশ থেকে আসা-যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা রয়েছে কি না, এমন প্রশ্নও করা হয়।

উত্তরে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, তার স্ট্যাটাসটা আমরা জানি না, এটা দেখতে হবে। মামলা থাকলে একটা মানুষের কিন্তু বিদেশ থেকে আসা-যাওয়ায় কোনো সমস্যা হয় না। একটা মানুষের রিফিউজিটিভ কি না, মানে উনি ফেরারি কি না, ওনার নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে, উনি সেটা ফলো করেন কি না, সেটা হচ্ছে আসলে ইস্যু। তো এগুলো আছে কি না, এগুলো খুঁটিয়ে দেখার ব্যাপার আছে। আমি নিশ্চিত করতে পারি, এটা নিশ্চিত করে দেখা হচ্ছে।