আত্মসমর্পণ ছাড়া কোনো পলাতক আসামি পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন না বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেছেন, বাতিল হওয়া পাসপোর্ট পুনরায় ইস্যুর জন্য আবেদন করার সুযোগ নেই। এ ক্ষেত্রে আইনি প্রতিকার পেতে হলে আপিল করতে হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
পাসপোর্ট বাতিলের পর আপিলের সুযোগ
শিশির মনির বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট গত বছরের ৭ জানুয়ারি বাতিল করা হয়। আইন অনুযায়ী, কারও পাসপোর্ট বাতিল হলে পুনরায় পাসপোর্ট ইস্যুর জন্য আবেদন করার সুযোগ নেই। এ ক্ষেত্রে একমাত্র আইনি পথ হলো আপিল করা। তবে শেখ হাসিনার পাসপোর্টের বিষয়ে কোনো আপিল করা হয়নি।
তিনি বলেন, পলাতক কোনো আসামি আইনের অধীনে কোনো আবেদন করতে পারেন না। আইনি প্রতিকার চাইতে হলে আগে তাকে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে।
শেখ হাসিনার ভারতে অবস্থান প্রসঙ্গে শিশির মনির বলেন, মানবিক কারণে এবং বাংলাদেশে নিরাপত্তা হুমকি থাকায় ভারত সরকার তাকে শর্তসাপেক্ষে আশ্রয় দিয়েছে। ভারত সরকার তাদের সিদ্ধান্ত পরিবর্তন না করলে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সম্ভাবনা নেই।
পাসপোর্ট ও এনআইডি নিয়ে পরামর্শ চাওয়ার বিষয়
শিশির মনির বলেন, স্টিভেন পওলস কেসি একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কীভাবে দ্রুত প্রস্তুত করা যায়, সে বিষয়ে হাইকমিশনের কাছে পরামর্শ চাওয়া হয়েছে।
তার ভাষ্য, এটি সরাসরি পাসপোর্টের আবেদন নয়। বরং প্রয়োজনীয় নথিপত্র তৈরি এবং দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে পরামর্শ চাওয়ার আবেদন। কেউ পাসপোর্টের আবেদন করলে সাধারণত পরামর্শ চান না, বরং পাসপোর্ট ইস্যুর জন্য আবেদন করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পাসপোর্ট দেয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
এদিকে, নিজ কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত। পাসপোর্ট আইন অনুযায়ী, কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পাসপোর্ট ইস্যু করার সুযোগ নেই।
শেখ হাসিনা নিজে ভারতে অবস্থান করছেন কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, ভারত থেকে শেখ হাসিনার নামে যেসব বক্তব্য দেয়া হয়েছে, সেগুলোতে তাকে দেখা যায়নি। ভার্চ্যুয়াল বক্তব্যগুলোতে আদৌ শেখ হাসিনা ছিলেন কি না, সেটিও স্পষ্ট নয়।
আরও পড়ুন:







