মঙ্গলবার

১০ নভেম্বর, ২০২৬ ২৬ কার্তিক, ১৪৩৩

শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা ৪৫৭টি, মোট মামলা ৬৭৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ১৩:৩৮

শেয়ার

শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা ৪৫৭টি, মোট মামলা ৬৭৩
ছবি সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা অভিযোগে ৪৫৭টিসহ মোট ৬৭৩টি মামলা রয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, এসব মামলার মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তাঁর মৃত্যুদণ্ড হয়েছে।

ট্রাইব্যুনালে আরও ছয় মামলা বিচারাধীন

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও ছয়টি মামলা বিচারাধীন রয়েছে।

সম্প্রতি শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। তবে নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য শেখ হাসিনা কোনো আবেদন করেননি বলে জানিয়েছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

২০২৫ সালের নভেম্বরে মৃত্যুদণ্ডের রায়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর বিচারকাজ শুরুর প্রথম দিন ২০২৪ সালের ১৭ অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এরপর ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও তাঁর সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন

শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে বাংলাদেশ পুলিশ। ২০২৫ সালের এপ্রিলে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে এ আবেদন করে। তবে এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে রেড নোটিশ জারি হয়নি।