মঙ্গলবার

১০ নভেম্বর, ২০২৬ ২৬ কার্তিক, ১৪৩৩

শহীদ নূর হোসেন দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ১১:২৬

শেয়ার

শহীদ নূর হোসেন দিবস আজ
ছবি সংগৃহীত

আজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে নেমে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন নূর হোসেন। তাঁর আত্মত্যাগের মধ্য দিয়ে জোরদার হয় এরশাদবিরোধী গণআন্দোলন। পরবর্তী সময়ে পতন ঘটে এরশাদ সরকারের। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামেও তাঁর আত্মত্যাগ অনুপ্রেরণা হয়ে আছে।

বুকে-পিঠে স্লোগান লিখে রাজপথে নূর হোসেন

১৯৮৭ সালে এরশাদবিরোধী আন্দোলনে উত্তাল ছিল ঢাকার রাজপথ। সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে হাজারো মানুষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে বায়তুল মোকাররম ও গুলিস্তান এলাকা।

সেই মিছিলেই ২৪ বছর বয়সী যুবক নূর হোসেন বুকে-পিঠে স্লোগান লিখে অংশ নেন। তাঁর বুকে সাদা রঙে লেখা ছিল স্বৈরাচার নিপাত যাক এবং পিঠে লেখা ছিল গণতন্ত্র মুক্তি পাক। স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তাঁর এই প্রতিবাদ সে সময় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে।

মিছিলটি জিরো পয়েন্টের কাছে পৌঁছালে গুলিবিদ্ধ হন নূর হোসেন। রাজপথেই লুটিয়ে পড়েন তিনি। তাঁর আত্মত্যাগ এরশাদবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চার করে। পরবর্তী সময়ে এই আন্দোলনের ধারাবাহিকতায় এরশাদ সরকারের পতন ঘটে।

দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকালে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন গুলিস্তানের শহীদ নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবে।

এ ছাড়া বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন বিকেল ৪টায় তোপখানা রোডে দলটির প্রধান কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে। সভার শিরোনাম রাখা হয়েছে শহীদ নূর হোসেন দিবস: রাষ্ট্রীয় গুম-খুনের বাসনা এবং সংস্কার পরিষদ না গঠনের বাহানা। এতে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে।