সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুরোধ জানিয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়েছেন যুক্তরাজ্যের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার স্টিভেন পওলস কেসি। নিজেকে শেখ হাসিনার আইনি পরামর্শক দাবি করে সোমবার (৯ নভেম্বর) ই-মেইলে চিঠিটি পাঠান তিনি। তবে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে নাকি বাংলাদেশ আওয়ামী লীগ দলগতভাবে তাকে নিয়োগ দিয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো নথি পাওয়া যায়নি। এই আইনি উদ্যোগের ব্যয়ভার কে বহন করছে, অর্থের উৎসই বা কী, তা নিয়েও স্পষ্ট তথ্য নেই।
আন্তর্জাতিক অপরাধ ও প্রত্যর্পণ বিষয়ে বিশেষজ্ঞ
লন্ডনের ম্যাট্রিক্স চেম্বার্সের সদস্য স্টিভেন পওলস আন্তর্জাতিক ফৌজদারি আইন, প্রত্যর্পণ ও মানবাধিকার বিষয়ে বিশেষজ্ঞ। ১৯৯৭ সালে আইন পেশা শুরু করেন তিনি। ২০১৯ সালে ব্রিটিশ রাজপরিবারের বিশেষ মর্যাদা কুইন্স কাউন্সেল (কিউসি) লাভ করেন। এর আগে তিনি ডাউটি স্ট্রিট চেম্বার্সের সঙ্গে যুক্ত ছিলেন।
পেশাগত নথি ও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দেখা গেছে, গত ১৫ মাসে শেখ হাসিনার পক্ষে অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফোরামে আইনি উদ্যোগ নিয়েছেন পওলস।
নথি অনুযায়ী, ২০২৫ সালের ৮ আগস্ট শেখ হাসিনার পক্ষে প্রথম আইনি উদ্যোগ নেন তিনি। ডাউটি স্ট্রিট চেম্বার্সের ওয়েবসাইটে প্রকাশিত ওই আবেদনে শেখ হাসিনাকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে উল্লেখ করা হয়। দলটির সম্ভাব্য নিষেধাজ্ঞার বিরুদ্ধে জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ ও বিশেষ প্রতিবেদকদের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছিল।
এরপর একই বছরের ১০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার অনুপস্থিতিতে পরিচালিত বিচারপ্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন পওলস। সহকর্মী তাতিয়ানা ইটওয়েলকে সঙ্গে নিয়ে জাতিসংঘের সংশ্লিষ্ট বিশেষ প্রতিবেদকদের কাছে আরেকটি জরুরি আবেদন পাঠান তিনি।
আবেদনে বলা হয়, অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ড দেয়া হলে তা জীবনের মৌলিক মানবাধিকারের সরাসরি লঙ্ঘন হবে। এর সাত দিন পর, ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন।
জাতিসংঘ ও আইপিইউতে ধারাবাহিক আইনি উদ্যোগ
২০২৬ সালেও আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনার পক্ষে তৎপরতা অব্যাহত রাখেন পওলস। ওই বছরের ২৮ সেপ্টেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন তিনি। এতে শেখ হাসিনার বিচার, মৃত্যুদণ্ড, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এবং সাবেক শতাধিক সংসদ সদস্যকে আটক রাখার বিষয়গুলো তুলে ধরা হয়।
সবশেষে ২৭ অক্টোবর জাতিসংঘের দুজন বিশেষ প্রতিবেদক ও একজন স্বাধীন বিশেষজ্ঞের কাছে নতুন আবেদন পাঠান পওলস। এতে বিএনপি নেতৃত্বাধীন সরকারের জারি করা নিষেধাজ্ঞা এবং পরবর্তী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে আপত্তি তোলা হয়।
এই আবেদনগুলোতে পওলসের পেশাগত অবস্থান পরিবর্তনের বিষয়টিও দেখা যায়। ২০২৫ সালের দুটি আবেদন ডাউটি স্ট্রিট চেম্বার্সের প্যাডে প্রকাশিত হলেও ২০২৬ সালের পরবর্তী দুটি উদ্যোগ এসেছে ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে।
যুক্তরাজ্যের আইনি কাঠামো অনুযায়ী, ব্যারিস্টার চেম্বার্স কোনো একক আইন প্রতিষ্ঠান নয়। এটি স্বনিয়োজিত আইনজীবীদের প্রশাসনিক কার্যালয়। ফলে কোনো ব্যারিস্টার চেম্বার পরিবর্তন করলেও সাধারণত মক্কেলের সঙ্গে তার পেশাগত সম্পর্ক বজায় থাকে।
২০২৫ সালের আবেদনগুলোতে অ্যালেক্স টিনসলি ও তাতিয়ানা ইটওয়েলের মতো সহকর্মীদের নাম থাকলেও ২০২৬ সালের ম্যাট্রিক্স চেম্বার্সের নথিতে পওলসকেই প্রধান কৌশলী হিসেবে দেখা গেছে।
পাসপোর্ট ও এনআইডি চেয়ে হাইকমিশনে আবেদন
নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো সাম্প্রতিক চিঠিতে পওলস উল্লেখ করেন, তৎকালীন অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তার কাছে তথ্য রয়েছে।
এ অবস্থায় বাংলাদেশের সংবিধিবদ্ধ নাগরিকত্ব, প্রচলিত আইন ও আন্তর্জাতিক মানবাধিকার সনদের বাধ্যবাধকতার যুক্তি তুলে ধরে শেখ হাসিনার নামে দ্রুত নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানান তিনি। একই সঙ্গে আবেদনটি নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় আইনি কাগজপত্র ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পর্কেও জানতে চান।
নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। তবে কূটনৈতিক সূত্রগুলোর তথ্য অনুযায়ী, চিঠিতে পওলস নিজেকে শেখ হাসিনার আইনি পরামর্শক দাবি করলেও তার সই করা কোনো সুনির্দিষ্ট ওকালতনামা বা সম্মতিপত্র সংযুক্ত ছিল না।
দিল্লি মিশনের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, পওলসকে শেখ হাসিনা নিজে নিয়োগ দিয়েছেন, নাকি আওয়ামী লীগ দলগতভাবে নিয়োগ দিয়েছে, তা যাচাই করা প্রয়োজন। ব্রিটিশ বার ব্যবস্থার নিয়মানুযায়ী, সলিসিটর ফার্মের মাধ্যমে প্রতিনিধিত্ব ও অর্থায়নের বিষয়টি নিশ্চিত না হলে বিদেশি মক্কেলের সঙ্গে সরাসরি যোগাযোগের ভিত্তিতে পাঠানো এ ধরনের চিঠির কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকতে পারে।
চিঠি নিয়ে সরকারের অবস্থান
চিঠির বিষয়ে সরকারের অবস্থানও স্পষ্ট করেছেন স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিরা। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও এনআইডি চেয়ে পাঠানো চিঠির সত্যতা, আইনগত বৈধতা ও ভিত্তিমূল্য খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে চিঠির বিষয়বস্তুকে হাস্যকর আখ্যা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, শেখ হাসিনাকে সাধারণ পাসপোর্টের মাধ্যমে নয়, দুই দেশের মধ্যকার বন্দিবিনিময় বা প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করা হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন এবং প্রধান রাজনৈতিক দল বিএনপিও চিঠির এই উদ্যোগকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে। তাদের বক্তব্য, এটি গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে নেয়া রাজনৈতিক উদ্যোগ।
আন্তর্জাতিক আদালতে পরিচিত আইনজীবী পওলস
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি), সাবেক যুগোস্লাভিয়াবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এবং সিয়েরা লিওনের বিশেষ আদালতে প্রভাবশালী ব্যক্তিদের পক্ষে মামলা পরিচালনার অভিজ্ঞতা রয়েছে পওলসের।
তার মক্কেলদের মধ্যে ছিলেন লাইবেরিয়ার সাবেক ফার্স্ট লেডি অ্যাগনেস রিভস-টেলর, কেনিয়ার সাবেক মন্ত্রী হেনরি কসগে এবং ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি। এ ছাড়া সেশেলসের অ্যাটর্নি জেনারেলের পক্ষে দুর্নীতির মামলাও পরিচালনা করেছেন তিনি।
দক্ষিণ এশিয়া বা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে অতীতে পওলসের কোনো সংযোগ ছিল না। ব্রিটিশ বারের প্রচলিত নিয়ম অনুযায়ী, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের পক্ষে মামলা পরিচালনা করা আইনজীবীর ব্যক্তিগত রাজনৈতিক আনুগত্যের প্রমাণ নয়। এটি মক্কেল ও আইনজীবীর মধ্যকার পেশাগত সম্পর্কের অংশ।
আরও পড়ুন:







