মঙ্গলবার

১০ নভেম্বর, ২০২৬ ২৬ কার্তিক, ১৪৩৩

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ০৮:০৭

শেয়ার

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন তিনি।

এ সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, রাজনীতিক ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা।

আনতালিয়ায় সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি এই সফরে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হবে। আগামী ১২ নভেম্বর ওই অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন তিনি।

সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

এ ছাড়া জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে।