সোমবার

৯ নভেম্বর, ২০২৬ ২৫ কার্তিক, ১৪৩৩

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬ ২৩:০৫

শেয়ার

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান
ছবি সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। বিএনপির সংসদীয় দলের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ উঠলে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সংসদনেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সভাকক্ষে এ সভা হয়।

রাজপথে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

সভায় উপস্থিত একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে বলেছেন, বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে প্রধানমন্ত্রী কোনো বক্তব্য দেননি বলে সভাসূত্র জানিয়েছে।

প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার

সভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

সভায় স্থানীয় সরকার ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন চলমান সড়ক উন্নয়নকাজ, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি এবং রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রমের বিস্তারিত জানতে চান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

পাসপোর্ট ও এনআইডির আবেদন যাচাই হচ্ছে

দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য শেখ হাসিনার আবেদন করার খবরের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

অন্যদিকে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়টিকে চরম হাস্যকর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা সত্যিই দেশে ফিরতে চাইলে তার জন্য নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার কোনো সুযোগ নেই।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। শেখ হাসিনা চাইলে ভারত সরকারের কাছে ওই চুক্তির আওতায় তাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানাতে পারেন। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগ করার কথাও বলেন তিনি।