সোমবার

৯ নভেম্বর, ২০২৬ ২৫ কার্তিক, ১৪৩৩

আওয়ামী বিচারকদের সাইজ না করলে ডিসেম্বরে ঘটনা ঘটে যাবে: ইলিয়াস হোসাইন

নিজস্ব প্রতিবেদক বাংলা এডিশন

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬ ২১:৩৯

শেয়ার

আওয়ামী বিচারকদের সাইজ না করলে ডিসেম্বরে ঘটনা ঘটে যাবে: ইলিয়াস হোসাইন
ছবি সংগৃহীত

মূলত, নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে সোমবার (৯ নভেম্বর) দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি পাঠিয়েছে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, আগামী ডিসেম্বরেই দেশে ফেরার পরিকল্পনা রয়েছে হাসিনার। রয়টার্সের প্রতিবেদন থেকে আরো জানা যায়, শেখ হাসিনা দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। ২০২৪ সালের আন্দোলনে প্রাণঘাতী দমন-পীড়নের অভিযোগে, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয় বলেও উঠে আসে প্রতিবেদনে।

আবেদনে কী লেখা আছে

কিন্তু, এসবের মাঝেই আলোচনায় এসেছে, হাই কমিশনে পাঠানো সেই চিঠিতে আসলে কী লেখা রয়েছে? জানা গেছে, ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে পাঠানো চিঠিতে উল্লেখ রয়েছে, শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করা হয়েছে। তাই তাঁর বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির বাধ্যবাধকতা বিবেচনায়, দ্রুত নতুন পাসপোর্ট ও এনআইডি দিতে অনুরোধ জানিয়েছে আইনজীবীরা।

তবে তথ্য বলছে, আইনজীবীদের পাঠানো ই-মেইলে শেখ হাসিনার অনুমতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই আবেদনটি সত্যিই তাঁর পক্ষ থেকে করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি দিল্লির বাংলাদেশ হাইকমিশন, ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে। তবে নতুন পাসপোর্ট দেয়ার কোনো সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানা গেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া

অন্যদিকে, পলাতক শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদনকে হাস্যকর বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, শেখ হাসিনা একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। পাসপোর্ট নবায়ন করে নয়, ভারতের সঙ্গে বন্দী বিনিময় চুক্তির আওতায় তাঁকে দেশে ফেরত আনতে চায় বাংলাদেশ। এ বিষয়ে ভারতকে স্পষ্টভাবে বার্তা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

দেশে ফেরা নিয়ে আলোচনা-সমালোচনা

এদিকে, পলাতক শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে সাধারণ মানুষের মধ্যে চলছে নানা আলোচনা সমালোচনা। কেউ বলছে, তাকে দেশে আসতে দেয়া হবে না, আবার কেউ কেউ কঠিনভাবে প্রতিহতের হুংকারও ছুঁড়েছে।

অপরদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমও সরগরম শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা-সমালোচনায়। বিষয়টি নিয়ে, কঠোর মন্তব্য করেছেন অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, লন্ডন থেকে যারা দেশে এসেছে, তাঁদের কেউই যুক্তরাজ্যের পাসপোর্ট জমা দেয়নি। এই সাংবাদিক সতর্কতা দিয়ে আরো লেখেন, সারাদেশে চিরুনি অভিযানের পাশাপাশি আওয়ামীপন্থী বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে, ডিসেম্বরে দেশে খারাপ কিছু ঘটতে পারে।

এরই মধ্যেই সীমান্ত নিয়ে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, বাংলাদেশিরা সীমান্ত পার হওয়ার সুযোগের অপেক্ষায় ওৎ পেতে আছে। বিএসএফের নজর সরলেই অনেকে ভারতে ঢোকার চেষ্টা করতে পারে। তবে, এই দাবির সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার সম্পর্ক আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।

পালাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার পাসপোর্টের আবেদন ঘিরে শুরু হয়েছে নতুন সমালোচনা। তবে, হাসিনা কবে ফিরবেন, আদৌ ফিরতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। তাঁর সহযোগীরা বলছে, আনুষ্ঠানিকতা শেষ হলেই ফেরার তারিখ জানানো হবে। কিন্তু, কূটনৈতিক তথ্য বলছে, দেশে ফিরলে তাঁকে মোকাবিলা করতে হবে আদালতের রায় ও চলমান আইনি প্রক্রিয়া। রয়েছে, মৃত্যুদণ্ড কার্যকরের সম্ভাবনাও। সেইসাথে, দেশের আপামর জনতার তার প্রতি তীব্র ক্রোধ, ক্ষোভ আর ঘৃনার প্রতিকুলতা তো রয়েছে আগে থেকেই। এতসব কিছু বিবেচনায় হাসিনার দেশে ফেরা অসম্ভব বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।