শ্রমজীবী মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে দেশের প্রধান প্রধান শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে অনির্ধারিত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস পয়েন্ট অব অর্ডারে প্রশ্নটি উত্থাপন করেন।
শ্রমিকদের জন্য নির্দিষ্ট থাকবে হাসপাতাল
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শ্রমিক ও শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে হাসপাতালগুলো নির্মাণ করা হবে।
তিনি বলেন, হাসপাতালগুলোতে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেয়া হবে। এগুলোর নামকরণও এমনভাবে করা হবে, যাতে হাসপাতালগুলো শ্রমিকদের জন্য নির্দিষ্ট প্রতিষ্ঠান হিসেবে পরিচিত থাকে।
আগের সরকারের স্বাস্থ্যনীতি নিয়ে সমালোচনা
বিগত সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, এক যুগেরও বেশি সময়ের শাসনামলে দেশের জ্বালানি ব্যবস্থাকে বিদেশের ওপর নির্ভরশীল করে ফেলা হয়েছিল। দেশের খনিজ সম্পদ মানুষের স্বার্থে ব্যবহার না করে আমদানিনির্ভরতা বাড়ানো হয়েছিল। শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হয়, এমন নীতিও গ্রহণ করা হয়েছিল বলে তিনি মন্তব্য করেন।
স্বাস্থ্য খাতের অবস্থা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আগের সরকারের সময়ে দেশের চিকিৎসাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। বিশেষ করে গ্রামীণ মানুষের চিকিৎসাসেবা আগের গণতান্ত্রিক সরকারের সময় যে অবস্থায় ছিল, পরবর্তী সময়ে তা আরও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, চিকিৎসাব্যবস্থার এমন অবনতি ঘটানো হয়েছিল যে বাংলাদেশের মানুষকে চিকিৎসার জন্য বিশেষ একটি দেশে যেতে বাধ্য হতে হয়েছে।
জনগণের কল্যাণে কাজ করছে সরকার
বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রত্যেক শ্রেণি-পেশার মানুষের কল্যাণে সরকার কাজ করছে। শ্রমিকদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সেই কার্যক্রমেরই অংশ।
আরও পড়ুন:







