পাসপোর্ট চেয়ে দেশে ফেরার উদ্যোগকে রাজনৈতিক ভুল হিসেবে অভিহিত করেছেন বিশিষ্ট আইনজ্ঞ ও সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তাঁর মতে, শেখ হাসিনা পাসপোর্ট চাওয়ার মধ্য দিয়ে ভারত থেকে বাংলাদেশে ফেরার পথ আরও সহজ করে দিয়েছেন। দণ্ডিত অপরাধী হিসেবে প্রত্যর্পণের ক্ষেত্রে তাঁর নতুন পাসপোর্টের প্রয়োজন নেই।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এসব কথা বলেন ড. আসিফ নজরুল।
প্রত্যর্পণের জন্য পাসপোর্ট প্রয়োজন নেই
ফেসবুক পোস্টে আসিফ নজরুল লিখেছেন, শেখ হাসিনা বাংলাদেশে আসার জন্য পাসপোর্ট চেয়েছেন। এর মধ্য দিয়ে তিনি নিজেই মনে করছেন, দেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার মতো পরিস্থিতি এখন রয়েছে।
তবে শেখ হাসিনা একজন দণ্ডিত অপরাধী উল্লেখ করে আসিফ নজরুল বলেন, তাঁকে দণ্ডিত অপরাধী হিসেবে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ইতিমধ্যে ভারতকে চিঠি দিয়েছে। প্রত্যর্পণ চাওয়া কোনো দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারেন না। তাঁকে দণ্ডিত অপরাধী হিসেবেই ফিরতে হবে। এ ক্ষেত্রে কোনো পাসপোর্টের প্রয়োজন নেই।
তিনি আরও বলেন, ভারত সরকার চাইলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে যেকোনো সময় বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে।
ভারতের ওপর চাপ বাড়ানোর সুযোগ
আসিফ নজরুলের মতে, শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার উদ্যোগে আন্তর্জাতিক ও কূটনৈতিক পর্যায়ে ভারতের ওপর বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হয়েছে।
তিনি লিখেছেন, পাসপোর্ট চেয়ে শেখ হাসিনা প্রত্যর্পণের পথটিই সহজ করে দিয়েছেন। বাংলাদেশ সরকার এখন জোর দিয়ে বলতে পারে, দেশে ন্যায়বিচার আছে বলেই তিনি দেশে ফেরার সাহস করছেন। ফলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচার হচ্ছে—এমন অজুহাতে তাঁকে ফেরত না দেয়ার যুক্তি ভারতের জন্য আর গ্রহণযোগ্য থাকে না।
পোস্টের শেষাংশে শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ নজরুল লিখেছেন, শেখ হাসিনা ভুল করেছেন। তিনি দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে। শুধু শুধু দলের সাধারণ নেতা-কর্মীদের বিপদ বাড়াচ্ছেন।
আরও পড়ুন:







