সোমবার

৯ নভেম্বর, ২০২৬ ২৫ কার্তিক, ১৪৩৩

ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬ ১৭:২৬

শেয়ার

ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সৌজন্য সাক্ষাৎ
ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবার্গ সোফি।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নারী ও কন্যাশিশুর কল্যাণ, নিরাপত্তা ও ক্ষমতায়নে বাংলাদেশ ও যুক্তরাজ্যের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সাক্ষাতে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

তিন দিনের সফরে বাংলাদেশে ডাচেস সোফি

ডাচেস অব এডিনবার্গ সোফি ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) আমন্ত্রণে তিনি এ সফরে এসেছেন।

সফরকালে যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বিপক্ষীয় অংশীদারিত্ব ও সহযোগিতার বিস্তৃতি তুলে ধরতে বিভিন্ন জনগোষ্ঠী ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

রোহিঙ্গা সহায়তা কার্যক্রম পরিদর্শন করবেন

সফরের অংশ হিসেবে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন করবেন ডাচেস সোফি। এ জন্য তিনি কক্সবাজারে যাবেন। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম ঘুরে দেখার কথা রয়েছে তার।