ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ইমেইল পাঠিয়েছে ম্যাট্রিক্স চেম্বার্স নামের একটি আইনি প্রতিষ্ঠান। তবে ওই প্রতিষ্ঠানকে শেখ হাসিনার পক্ষ থেকে কোনো অনুমোদন দেয়া হয়নি বলে জানিয়েছেন নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার মো. সাইদুর রহমান।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে তিনি এ তথ্য জানান।
ইমেইলে ছিল না শেখ হাসিনার অনুমোদনের প্রমাণ
সাইদুর রহমান বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আবেদন করেননি। ম্যাট্রিক্স চেম্বার্স নামের একটি প্রতিষ্ঠান থেকে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে ইমেইল পাওয়া গেছে।
তিনি বলেন, অনুরোধটি সঠিক কি না, তা হাইকমিশনের জানা নেই। এটি শেখ হাসিনার পক্ষ থেকে পাঠানো হয়েছে কি না, তা বোঝারও কোনো উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানটির পাঠানো ইমেইলে শেখ হাসিনার অনুমোদনসংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না। তবে ইমেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে।
এর আগে সোমবার সকালে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, ভারত থেকে বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
পাসপোর্ট না দেয়ার কথা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবরের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, শেখ হাসিনার বিচারের মামলার রায় হয়ে গেছে। বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না।
প্রত্যর্পণ আইনে দেশে ফেরানোর কথা স্বরাষ্ট্রমন্ত্রীর
এদিকে পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনাকে প্রত্যর্পণ আইন অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দেশে ফেরত আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, দণ্ডিত আসামি শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন বলে তিনি শুনেছেন। আবেদনের সত্যতা যাচাই করে এর আইনগত ভিত্তি খতিয়ে দেখা হবে।
বিভিন্ন স্থানে ককটেল হামলার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত শক্তি অস্থিরতা সৃষ্টির জন্য মাঝেমধ্যে বিভিন্ন স্থাপনা ও বাসে হামলা করছে। তাদের কঠোরভাবে দমন করা হবে।
আরও পড়ুন:







